আজ ভোটগ্রহণ
হাঙ্গেরিতে হারের পথে ভিক্টর ওরবান
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৭:৫৪
আজ রোববার হাঙ্গেরিতে নির্বাচন। এক কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ৮০ লাখ ভোটার স্থিতিশীলতা অথবা পরিবর্তনের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে প্রস্তুত। ট্রাম্প সমর্থক ভিক্টর ওরবানের প্রতিদ্বন্দ্বী পিটার ম্যাগিয়ারের জনপ্রিয়তা দেখলেই স্পষ্ট বোঝা যায়, জনগণ নতুন নেতা পেতে যাচ্ছে।
সর্বশেষ জরিপে দেখা গেছে, তাঁর দল তিসা ওরবানের ফিদেজ দলের চেয়ে বেশ এগিয়ে আছে এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে।
এ সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বুদাপেস্ট সফর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও ওরবানের পক্ষে পরিস্থিতি পাল্টে দিতে পারেনি; বরং ইরান যুদ্ধ এবং তার ফলে সৃষ্ট মূল্যবৃদ্ধি নিয়ে জনগণের হতাশার কারণে হোয়াইট হাউসের এই সমর্থন হয়তো তাঁর ভোট কমিয়ে দিয়েছে।
ভ্যান্সের এই সফর এটাই প্রমাণ করে, ওয়াশিংটনে এই নির্বাচনের দিকে কড়া নজর রাখা হচ্ছে। যেখানে ওরবানের রক্ষণশীল ও অগণতান্ত্রিক শাসনকে একটি আদর্শ হিসেবে দেখা হয়। তবে এটি মস্কোতেও মনোযোগ আকর্ষণ করেছে, যেখানে ওরবানকে একজন মিত্র হিসেবে বিবেচনা করা হয়, যিনি ইইউর চরম বিরক্তি সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের জন্য তহবিল আটকে দিতে নিয়মিত তাঁর ভেটো ক্ষমতা ব্যবহার করেছেন।
তাঁর অন্যতম ঘাঁটি সেকেসফেহেরভারে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে ওরবান তাঁর সমর্থকদের শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, পছন্দটা আমার অথবা জেলেনস্কির মধ্যে।
কিন্তু ওরবানের নির্বাচনী প্রচারণার সেই বক্তব্য– যে হাঙ্গেরিকে ইউক্রেন যুদ্ধে টেনে আনা হবে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিই এর দায়িত্বে থাকবেন, এই ব্যাপারটি সমর্থকদের কাছে ভালো লাগেনি।
সূত্র: আলজাজিরা
