ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০২৭ সালের মধ্যে রাখাইন রাজ্য পুরোপুরি দখলের লক্ষ্য আরাকান আর্মির

২০২৭ সালের মধ্যে রাখাইন রাজ্য পুরোপুরি দখলের লক্ষ্য আরাকান আর্মির
×

মেজর জেনারেল টোয়ান ম্রাত নাইং

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৮:৫৮

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০২৭ সালের শেষ নাগাদ “চূড়ান্ত বিজয়” অর্জনের লক্ষ্য ঘোষণা করেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। 

শুক্রবার সংগঠনটির প্রতিষ্ঠার ১৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সংগঠনটির প্রধান কমান্ডার মেজর জেনারেল টোয়ান ম্রাত নাইং।

তিনি বলেন, “আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যা করা প্রয়োজন তা করে যাব।” একই সঙ্গে তিনি জানান, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ে মিত্রদের সঙ্গে যৌথভাবে অভিযান অব্যাহত রাখবে এএ।

২০২৩ সালের শেষ দিক থেকে শুরু হওয়া অভিযানে আরাকান আর্মি ইতোমধ্যে রাখাইন রাজ্যের ১৪টি টাউনশিপ এবং চিন রাজ্যের দক্ষিণাঞ্চলের পালেতোয়া টাউনশিপ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে রাখাইন রাজ্যের মাত্র তিনটি টাউনশিপ—রাজধানী সিত্তে, কিয়াউকফিউ এবং মানাউং—এখনও জান্তার নিয়ন্ত্রণে রয়েছে।

আরাকান আর্মি তাদের এই অভিযান শুরু করে ২০২৩ সালের ১৩ নভেম্বর, যা উত্তর শান রাজ্যে ব্রাদারহুড অ্যালায়েন্সের “অপারেশন ১০২৭” শুরুর কয়েক সপ্তাহ পর। এই জোটের অন্যতম সদস্যও এএ।

সামরিক অগ্রগতির পাশাপাশি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিজেদের প্রশাসনিক কাঠামোও গড়ে তুলেছে সংগঠনটি। সেখানে আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা হয়েছে। তবে জান্তার বিমান ও নৌ হামলা অব্যাহত থাকায় অনেক এলাকাতেই সাধারণ মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।
এএ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্য দুই সদস্য—মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি—সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে।

এছাড়া ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, কমিটি রিপ্রেজেন্টিং পিদাউংসু হ্লুট্টোসহ ৪০টির বেশি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীও এএ-এর শক্তি বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, রাখাইনের জনগণ ও আরাকান আর্মির এই সাফল্য দৃঢ়তা, ত্যাগ ও ঐক্যের ফল, যা মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য উদাহরণ।

উল্লেখ্য, ২০০৯ সালের ১০ এপ্রিল মিয়ানমার-চীন সীমান্তের লাইজা শহরে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয়। শুরুতে মাত্র ২৬ জন সদস্য এবং একটি অস্ত্র নিয়ে যাত্রা শুরু করেছিল।

আরও পড়ুন

×