মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব ডেমোক্র্যাটদের
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ১৭:৩৮
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। ছয়টি ধারা সম্বলিত প্রস্তাবে পেন্টাগন প্রধানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং ‘গুরুতর অপরাধের’ অভিযোগ আনা হয়েছে।
প্রস্তাব উত্থাপনে নেতৃত্ব দিয়েছেন অ্যারিজোনার ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি। তবে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আনসারি লিখেছেন, পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার কারণ, তিনি শপথ ভঙ্গ করেছেন। মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলার পাশাপাশি ইরানের মিনাবে বালিকা বিদ্যালয় এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার মধ্য দিয়ে যুদ্ধাপরাধ করেছেন।
আনসারির পোস্ট অনুযায়ী, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবলই কংগ্রেসের। সেটি উপেক্ষা করে পিট হেগসেথের কর্মকাণ্ড; তাঁকে অবিলম্বে পদ থেকে অপসারণের দাবি রাখে।
মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ফলে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং আগামী নভেম্বরের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনেও টান পড়েছে।
অভিশংসনের প্রথম ধারায় অভিযোগ করা হয়েছে, হেগসেথ কংগ্রেসের কোনো বিশেষ অনুমোদন ছাড়াই ইরানের সঙ্গে সংঘাত শুরু করেছেন। তিনি জেনে বুঝে মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। অন্য একটি ধারায় হেগসেথকে ইরানের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ১৭০ জন নিহত হন।
বিদ্যালয়ে হামলার ঘটনা নিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে দেখা গেছে- লক্ষ্যবস্তু নির্ধারণে ভুলের কারণে একটি ‘টমাহক ক্রুজ মিসাইল’ ওই স্কুলে আঘাত হেনেছিল।
অভিশংসন প্রস্তাবের বিষয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন বলেছেন, খবরের শিরোনাম হওয়ার জন্য এটি ডেমোক্র্যাটদের আরেকটি চেষ্টা ছাড়া কিছুই নয়। ইরানে প্রেসিডেন্টের লক্ষ্যগুলো অর্জনে যুদ্ধবিষয়ক বিভাগ কার্যকর ভূমিকা রাখছে।
