ট্রাম্প আপাদমস্তক মিথ্যুক-নিষ্ঠুর, এবার বোনের অভিযোগ
ট্রাম্পের সঙ্গে বোন মেরিয়ানে ট্রাম্প বেরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০২:৫৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ | ০৪:২৪
একের পর এক বোমা ফাটছে ট্রাম্পের বিরুদ্ধে। ছোটখাট বোমা তো অনেক ফাটিয়েছে অনেকেই। তাতে অবশ্য খুব একটা হেলদোল হয়নি রিপাবলিকান দলের এই প্রেসিডেন্টের। তবে বড় বোমাটি প্রথম ফাটিয়েছিলেন ভাতিজি মেরি ট্রাম্প। ট্রাম্পকে পারিবারিকভাবে জানা একজন যখন তার বিরুদ্ধে মুখ খোলেন, তখন সেটার গুরুত্ব অবশ্যই অনেক বেশি। চাচাকে নিয়ে আস্ত একটা বই-ই লিখে ফেলেছেন মেরি। ছোটভাই রবার্ট অবশ্য অনেক চেষ্টা করেছিলেন বইটির প্রকাশনা আটকাতে। কিন্তু সুবিধা করতে পারেননি। প্রথম দিনই বইটি বিক্রি হয়েছিল সাড়ে ৯ লাখ কপি। আর এখন দ্বিতীয় বড় বোমাটি ফাটিয়েছেন বোন মেরিয়ানে ট্রাম্প বেরি। তার একটি গোপন রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। তাতে ট্রাম্পকে মিথ্যুক, নিষ্ঠুর ও অবিশ্বস্ত মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, ট্রাম্প এমন এক মানুষ, যার মধ্যে নীতির কোনো বালাই নেই। নিজের স্বার্থে যাচ্ছেতাই কাণ্ড করতে পারেন এই ধনকুবের। খবর সিএনএনের।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই রেকর্ডিং ফাঁস নিঃসন্দেহে ট্রাম্পের কাছে বড় ধাক্কা। মেরি ট্রাম্পের বইতে যেসব বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বোনের গোপন রেকর্ডিংয়ে আসা অনেক বিষয়ের সঙ্গে তার মিল রয়েছে। ৮৩ বছর বয়সী বেরি বলেছেন, তার ভাই ডোনাল্ড একজন নিষ্ঠুর মানুষ। মিথ্যাবাদী ও অবিশ্বস্ত। তার কথায় কখনো ভরসা করা যায় না।
নিজের বইয়ে ভাতিজি মেরি দাবি করেছিলেন, ট্রাম্প ভাড়া করা একজনকে দিয়ে প্রবেশিকা পাশ করে পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বেরিও সে একই কথা বলেছেন। মেরির বইটিকে ‘মিথ্যার ডিপো’ বলে দাবি করলেও বেরির বক্তব্য নিয়ে হোয়াইট হাউস এখনো টুঁ শব্দও করেনি।
বড় বোন বেরি বলেছেন, 'ডোনাল্ডের কোনও নীতি নেই। ওর সব বোকা বোকা টুইট আর মিথ্যা কথা। ওর অভিবাসন নীতি আদতে শঠতা আর নিষ্ঠুরতা।
ট্রাম্পের অভিবাসন নীতিতে অনেক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। এটাকে ভাল চোখে দেখেননি বেরি। ভাইকে নিষ্ঠুর হিসেবে দেখছেন তিনি। শনিববার রাতে বেরির গোপন রেকর্ডিংটি ফাঁস হয়ে পড়লেও ট্রাম্প এখনো সেটা নিয়ে কোনো কথা বলেননি।
ওদিকে ভাতিজি মেরি ট্রাম্প চান, চাচা হেরে যাক নির্বাচনে। সে জন্য তার ক্ষমতায় যা যা কুলায়, সব করতে রাজি আছেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে দেখতে চান, চাচাকে নয়।
- বিষয় :
- মেরি ট্রাম্প
- ট্রাম্প
- জো বাইডেন
- অভিবাসন নীতি
