যিশুর মূর্তিতে হাতুড়ি দিয়ে আঘাত, ইসরায়েলি সেনার নিন্দা নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: এএফপি
বিবিসি বাংলা
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১৯:৫৬
দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সেনা হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের মূর্তিতে আঘাত করার যে ঘটনা ঘটিয়েছেন, সেটির নিন্দা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অনলাইনে ঘটনাটির একটি ছবির ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে নিন্দা জানালেন নেতানিয়াহু। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ওই ঘটনা সম্পর্কে জানার পর তিনিসহ বেশিরভাগ ইসরায়েলি ‘হতবাক ও মর্মাহত’ হয়েছেন।
ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে এবং অপরাধীর বিরুদ্ধে ‘যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়া হবে বলে জানান নেতানিয়াহু। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র দেশ যারা সব ধর্ম পালনের স্বাধীনতা দেয়। ওই ঘটনার জন্য এবং এর ফলে যারা কষ্ট পেয়েছেন, তাদের সবার প্রতি দুঃখ প্রকাশ করছি।’
এর আগে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ওই সৈন্যের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
