ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অ্যাপলের নতুন সিইও কে এই জন টার্নাস

অ্যাপলের নতুন সিইও কে এই জন টার্নাস
×

অ্যাপলের বিদায়ী সিইও টিম কুক (বাঁয়ে) ও নতুন সিইও জন টার্নাস। ছবি: সংগৃহীত

সিএনএন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৪:০১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১৪:২৬

আগামী ১ সেপ্টেম্বর থেকে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেবেন জন টার্নাস। প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের এই কোম্পানিতে তিনি দীর্ঘদিন ধরে কর্মরত। স্টিভ জবসের পাশাপাশি বিদায়ী সিইও টিম কুকের অধীনে তিনি সরাসরি কাজ করেছেন।

অ্যাপলের খুঁটিনাটি প্রায় সবই জানেন টার্নাস। কোম্পানিটির ওয়েবসাইটের বর্ণনা অনুযায়ী, বর্তমানে তিনি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এর অর্থ হলো, আইফোন এবং ম্যাকের মতো অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলোর পাশাপাশি অ্যাপল ভিশন প্রোর মতো নতুন উদ্ভাবনগুলোর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় তিনি নেতৃত্ব দেন।

ম্যাক, এয়ারপডস এবং আইফোনের নতুন পণ্যগুলোর ক্ষেত্রে টার্নাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অ্যাপল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টার্নাসের অধীনে থাকা কর্মীরা ‘ম্যাকবুক নিও’ এবং আইফোন ১৭ সিরিজ তৈরির ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা রেখেছে।

টার্নাস কতদিন ধরে অ্যাপলে আছেন?
প্রায় ২৫ বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছেন। ২০০১ সালে কোম্পানির প্রোডাক্ট ডিজাইন টিমে যোগ দেন। ২০১৩ সালে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হন। ২০২১ সালে অ্যাপল তাঁকে নির্বাহী টিমে পদোন্নতি দিলে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন টার্নাস।

সিইও হিসেবে টার্নাসের এই সবশেষ পদোন্নতি খুব একটা বিস্ময়কর নয়। গত এক বছর ধরে তাঁকে সিইও পদের অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছিল। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাপলে যোগদানের আগে তিনি ‘ভার্চুয়াল রিসার্চ সিস্টেমস’-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। একই বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে।

টার্নাস নতুন কী করবেন?
২০১১ সাল থেকে সিইও হিসেবে দায়িত্ব পালন করা টিম কুক অ্যাপলকে ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে নিয়ে গেছেন। টার্নাসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে অ্যাপলের প্রচেষ্টাকে সামনে এগিয়ে নেওয়া।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক দীপঞ্জন চ্যাটার্জি এক নোটে বলেছেন, টার্নাস একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁকে সিইও নির্বাচিত করাটা ইঙ্গিত দিচ্ছে- অ্যাপল তাদের ফিজিক্যাল প্রোডাক্ট বা হার্ডওয়্যারের মাধ্যমেই স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করবে। অন্যদিকে প্রযুক্তি খাতের বিশ্লেষক ড্যান আইভস সোমবার এক নোটে বলেছেন, টার্নাসের ওপর শুরু থেকেই সাফল্য পাওয়ার প্রচণ্ড চাপ থাকবে, বিশেষ করে এআইয়ের ক্ষেত্রে।

স্টিভ জবস যেখানে ঝুঁকি নিতে পছন্দ করতেন, সেখানে টিম কুক অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং অ্যাপল টিভি প্লাসের মতো পণ্যগুলোকে কেন্দ্র করে কোম্পানির স্থিতিশীলতা ধরে রেখেছিলেন। বর্তমানে এআইয়ের অস্থিতিশীল বাজারে টার্নাস কোন পথে হাঁটবেন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন

×