ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরমুজে উত্তেজনার মধ্যে এবার মার্কিন নৌ সচিবকে অপসারণ

হরমুজে উত্তেজনার মধ্যে এবার মার্কিন নৌ সচিবকে অপসারণ
×

সদ্য অপসারণ হওয়া মার্কিন নৌ সচিব জন ফেলান। ছবি: সংগৃহীত

এএফপি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৩:১৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১৪:০৯

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব জন ফেলানকে ‘তাৎক্ষণিক’ পদ ছাড়তে বলা হয়েছে। প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন বুধবার এ তথ্য জানিয়েছে। তবে অপসারণের কারণ উল্লেখ করেনি।

চলতি মাসে এ নিয়ে শীর্ষ চার কর্মকর্তাকে অপসারণ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর আগে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল র‍্যান্ডি জর্জ এবং আরও দুজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। 

হরমুজ প্রণালি ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত এলো। এক্সে প্রকাশ করা এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, জন ফেলান দায়িত্ব ছেড়ে যাচ্ছেন। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেবেন আন্ডারসেক্রেটারি হাং কাও।

গত বছরের শুরুতে ক্ষমতায় ফিরে আসার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস সি কিউ ব্রাউনকে সরানো। গত বছরের ফেব্রুয়ারিতে কোনো কারণ না দেখিয়েই তাঁকে বরখাস্ত করা হয়।

এ ছাড়া নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রধান, জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল, বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফ, ন্যাটোতে নিযুক্ত একজন নৌ অ্যাডমিরাল এবং তিনজন শীর্ষ সামরিক আইন কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রায়ই দাবি করেন, প্রেসিডেন্ট কেবল তাঁর পছন্দের নেতৃত্ব বেছে নিচ্ছেন। তবে ডেমোক্রেটিক আইনপ্রণেতারা এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ঐতিহ্যগতভাবে দল নিরপেক্ষ মার্কিন সামরিক বাহিনীতে রাজনীতিকরণ হচ্ছে।

আরও পড়ুন

×