অনলাইনে বাজি, মাদুরোকে অপহরণ পরিকল্পনায় যুক্ত মার্কিন সেনা গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে তুলে আনার পর নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১৩:৩১
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা নিয়ে অনলাইনে বাজি ধরার অভিযোগ উঠেছে এক মার্কিন সেনার বিরুদ্ধে। এতে বলা হচ্ছে, অভিযুক্ত সেনা সদস্য যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় তথ্য ব্যবহার করে জুয়া খেলেছেন।
গ্যানন কেন ভ্যান ডাইক (৩৮) নামের ওই সেনা সদস্যকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, গ্যানন নিজেই মাদুরোকে তুলে আনার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। ফলে অভিযান সম্পর্কিত তথ্য তিনি জানতেন। এই তথ্য ব্যবহার করে অভিযানের আগেই পলিমার্কেট নামের একটি প্ল্যাটফর্মে বাজি ধরেন। এতে ৪ লাখ ডলার জেতেন।
গত ৩ জানুয়ারি বিশেষ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কারাকাস থেকে স্ত্রীসহ মাদুরোকে তুলে নিয়ে যায়। পলিমার্কেটে গ্যাননের বাজি ছিল- মার্কিন বাহিনী কারাকাসে গিয়ে মাদুরোকে তুলে আনার মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করবে।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘সামরিক সদস্যদের কেবল দায়িত্ব পালনের জন্য গোপন তথ্য দেওয়া হয়। অত্যন্ত স্পর্শকাতর এসব তথ্য ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য ব্যবহার করা নিষিদ্ধ।’ অন্যদিকে পলিমার্কেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারাই মাদুরোকে নিয়ে বাজি ধরা ব্যক্তির সম্পর্কে মার্কিন বিচার বিভাগকে জানিয়েছিল। তদন্তেও পূর্ণ সহযোগিতা করেছে।
সম্প্রতি ইরানে হামলা নিয়েও বাজি ধরার কথা সামনে এসেছে। ওই বাজিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলা করবে। পলিমার্কেটের ছয়টি অ্যাকাউন্ট থেকে বাজিটি ধরা হয়েছিল। যুক্তরাষ্ট্র ঠিকই ইরানে হামলা করায় অ্যাকাউন্টধারীরা ১২ লাখ ডলার জেতেন। এর কয়েকদিন পরই মাদুরোকে নিয়ে বাজি ধরার তথ্য সামনে এলো।
ইরানে হামলা নিয়ে বাজি ধরার সঙ্গে জড়িত কেউ এখনো গ্রেপ্তার হননি। তবে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমের গোপন তথ্য ব্যবহার করে অনলাইনে বাজি ধরার ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা এই লেনদেনের সঙ্গে জড়িত কি না- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, দুর্ভাগ্যবশত গোটা দুনিয়াটাই এখন অনেকটা ক্যাসিনো হয়ে গেছে। ইউরোপসহ সবখানে এই বাজি ধরার ঘটনা ঘটছে। তিনি কখনোই এসবের পক্ষে ছিলেন না।
- বিষয় :
- নিকোলাস মাদুরো
- জুয়া
- অনলাইন
- মার্কিন সেনা
- গ্রেপ্তার
