‘যুদ্ধ বন্ধের পরামর্শ’ শেষে পাকিস্তানে ফিরবেন ইরানের প্রতিনিধিরা
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (বাঁয়ে) সঙ্গে ইরানের প্রতিনিধিরা। শনিবার ইসলামাবাদে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৪:০২ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৪:০৪
ওমান সফরে যাওয়া ইরানের প্রতিনিধি দলের সদস্যরা আবার পাকিস্তানে ফিরবেন। শনিবার তারা ইসলামাবাদ ছেড়ে মাসকাটে যাওয়ার পরদিনই এমন খবর দিল রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ। তবে এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে কি না তা জানা যায়নি।
সফরসূচি অনুযায়ী, ওমান থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও প্রতিনিধি দলের সদস্যদের রাশিয়া যাওয়ার কথা ছিল। তবে মাসকাট থেকে দলের একটি অংশ তেহরানে ফিরে গেছেন। আইআরএনএ বলছে, তেহরানে ফিরে যাওয়া কর্মকর্তারা শীর্ষ নেতাদের সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ করবেন। রোববার রাতে এই দল আবার আরাগচির সঙ্গে ইসলামাবাদে যোগ দেবে।
আরাগচির ইসলামাবাদে ফেরার খবরের বেশ কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছুই না করে শুধু বসে কথা বলার মানে হয় না। তবে তিনি একইসঙ্গে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে যুদ্ধ আবার শুরু হবে না।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনার বিষয়ে তেহরানের অবস্থান তাঁকে হতাশ করেছে। তাই তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ সিদ্ধান্ত নেওয়ার পরপরই ইরান একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে।
প্রস্তাবটির বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘মজার ব্যাপার হলো, আমি যখনই সফর বাতিল করলাম, মাত্র ১০ মিনিটের মধ্যে আমরা একটি নতুন পেপার পেয়েছি। এটা আগের প্রস্তাবের চেয়ে অনেক ভালো।’ তবে নতুন প্রস্তাবে ইরান কোনো শর্ত দিয়েছে কি না তা নিয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি।
