ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে জয় দাবি করে দুই পক্ষের আগাম উদযাপন

পশ্চিমবঙ্গে জয় দাবি করে দুই পক্ষের আগাম উদযাপন
×

 কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৯:০৭ | আপডেট: ০১ মে ২০২৬ | ১৫:৩৮

| প্রিন্ট সংস্করণ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিজেদের বিজয়ী দাবি করছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস ও বিজেপি। রাজ্যে গত বুধবার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। ভোটের গণনা ও ফল প্রকাশ হবে আগামী ৪ মে। তার আগেই নিজেদের বিজয়ী দাবি করে উদযাপন শুরু করেছে প্রধান দুই পক্ষ। তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীরা আবির খেলায় মেতে উঠেছেন। ভোট-পরবর্তী সহিংসতাও ছড়িয়েছে একাধিক এলাকায়।

গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনের ৪৪ হাজার ৩৭৬টি বুথে ভোট গ্রহণ হয়। গত বুধবার দ্বিতীয় দফায় ১৪২টি আসনের ৪১ হাজার একটি বুথে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফার ভোটে সহিংসতা বেশি ঘটেছে। তৃণমূলের পক্ষে ভোটে কারচুপির অভিযোগ ওঠে। ভোটকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্য থেকে পর্যবেক্ষক ও নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো হয়। 

ভোটে বিজয় নিয়ে এরই মধ্যে কয়েকটি বুথফেরত জরিপ প্রকাশ হয়েছে। কোনো কোনোটিতে বিজেপির বিজয় দেখানো হলেও কোনোটিতে তৃণমূলকে বিজয়ী বলা হচ্ছে। এ অবস্থায় গতকাল উত্তরবঙ্গে বিজেপি কর্মী-সমর্থকরা সকাল থেকেই গেরুয়া আবির খেলা শুরু করেন। দক্ষিণবঙ্গের কয়েক জায়গায় তৃণমূল কর্মীরা সবুজ আবির নিয়ে খেলেছেন। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সহিংসতা
রাজ্যের বেশ কিছু জায়গায় গত বুধবার রাত থেকেই সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। গভীর রাতে যাদবপুর বিধানসভার পঞ্চসায়রে বিজেপি এজেন্টের বাড়ি ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর বিজেপির বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় ভাঙ্গর ও ব্যারাকপুর এলাকায়। গতকাল সকালে ভাঙ্গরে উদ্ধার হয়েছে শতাধিক হাতবোমা। আটক করা হয়েছে ৬৫০ জনকে। 

পশ্চিমবঙ্গে এবার দুই দফায় গড় ভোট পড়েছে ৯২ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে প্রথম দফায় সবচেয়ে বেশি ৯৩ দশমিক ১৯ শতাংশ ভোট পড়ে। দ্বিতীয় দফায় ভোট পড়ে ৯২ দশমিক ৫৬ শতাংশ। আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভার পাশাপাশি আসাম, কেরালা, তামিলনাড়ু এবং  পন্ডিচেরিতে ভোটের ফলাফলও প্রকাশ করা হবে।
আসাম, তামিলনাড়ু, কেরালা ও পন্ডিচেরি 

জরিপ কী আভাস দিচ্ছে
বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিজেপি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকছে। চারটি সমীক্ষায় দেখা যাচ্ছে, ১২৬ আসনের রাজ্য বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট  এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া হিমন্ত বিশ্ব শর্মা। নানা কথা ও আচরণে বিতর্কিত এ নেতাকে আবারও বিজেপি মুখ্যমন্ত্রী করে কিনা– তা দেখার বিষয়।
ডয়চে ভেলে জানায়, দক্ষিণের রাজ্য কেরালায় ক্ষমতার পালাবদল হতে পারে। কারণ, সব সমীক্ষায় সর্বসম্মতভাবে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্টের (ইউডিএফ) বিজয়ী হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে বেশির ভাগ এক্সিট পোল অনুযায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) জোট ক্ষমতায় থাকছে। বিজেপিকে অন্যতম সহযোগী হিসেবে নিয়ে এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোট ডিএমকেকে চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া নামের সমীক্ষায় দেখা গেছে, অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) তাদের প্রথম নির্বাচনেই দ্রাবিড়ীয় পরাশক্তিদের হারিয়ে একক বৃহত্তম দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়ে আবির্ভূত হচ্ছে। বিজেপি কেরালা ও তামিলনাড়ুতে কখনও ক্ষমতায় ছিল না।
পন্ডিচেরিতে বিজেপির সঙ্গে সর্বভারতীয় এন আর কংগ্রেসের (এআইএনআরসি) নেতৃত্বাধীন এনডিএ জোট আরামদায়ক ব্যবধানে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

আরও পড়ুন

×