ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘পারমাণবিক অস্ত্রের চেয়ে হরমুজ গুরুত্বপূর্ণ’- প্রণালি ঘিরে তৈরি হচ্ছে আইন

‘পারমাণবিক অস্ত্রের চেয়ে হরমুজ গুরুত্বপূর্ণ’- প্রণালি ঘিরে তৈরি হচ্ছে আইন
×

হরমুজ প্রণালি ব্যবস্থাপনা সংক্রান্ত আইন তৈরি করবে ইরানের পার্লামেন্ট। ছবি: প্রেস টিভি

প্রেস টিভি ও ইরান ইন্টারন্যাশনাল

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২০:২১ | আপডেট: ০৩ মে ২০২৬ | ২০:৩৬

যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের নতুন ১৪ দফা প্রস্তাবে হরমুজ প্রণালির জন্য একটি নতুন আইনি কাঠামো তৈরির কথা বলা হয়েছে। তবে এই কাঠামোটি এরইমধ্যে অনুমোদনের প্রক্রিয়ায় আছে বলে জানিয়েছে ইরানের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম প্রেস টিভি। পাশাপাশি পার্লামেন্ট কনস্ট্রাকশন কমিশনের প্রধান বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র অর্জনের চেয়েও হরমুজ প্রণালির ব্যবস্থাপনা বেশি গুরুত্বপূর্ণ।’

রোববার ডেপুটি স্পিকার আলি নিকজাদের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, প্রস্তাবিত আইনি কাঠামোর ১২ দফার অধীনে ইসরায়েলি কোনো জাহাজকে কখনোই এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। পরিকল্পনা অনুযায়ী, ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে বিবেচিত দেশগুলোর জাহাজকে এই প্রণালি পার হওয়ার অনুমতির জন্য যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া, বিশ্বের অন্য যেকোনো দেশের জাহাজকে প্রণালি অতিক্রমের জন্য অগ্রিম অনুমতি নিতে হবে ইরানের কাছে থেকে।

আলি নিকজাদের বক্তব্যের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই পদক্ষেপটি আন্তর্জাতিক আইন এবং ইরানের প্রতিবেশীদের অধিকারের সঙ্গে সংগতি রেখে গ্রহণ করা হবে। তেহরান এই প্রণালির অবস্থাকে আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে দেবে না। প্রস্তাবিত নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থাটি ১৯৫১ সালের তেল শিল্প জাতীয়করণের মতোই গুরুত্বপূর্ণ।

ইরানের পার্লামেন্টে আইন প্রণয়ন ও সংশোধনের বিষয়টি তদারকি করে ‘কনস্ট্রাকশন কমিশন’। এর প্রধান মোহাম্মদরেজা রেজায়ি জানিয়েছেন, প্রণালি দিয়ে পারাপারের অনুমতির আবেদনে অবশ্যই ‘পার্সিয়ান গালফ’ বা পারস্য উপসাগর শব্দ ব্যবহার করতে হবে। জাহাজগুলো থেকে সংগৃহীত রাজস্বের ৩০ শতাংশ সামরিক অবকাঠামো শক্তিশালী করতে এবং বাকি ৭০ শতাংশ অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে খরচ করা হবে। রেজায়ি বলেন, ‘পারমাণবিক অস্ত্র অর্জনের চেয়েও হরমুজ প্রণালির ব্যবস্থাপনা বেশি গুরুত্বপূর্ণ।’

তেহরান আশা করছে, এই নতুন ব্যবস্থা মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে ক্ষয়ক্ষতির একটি অংশ পুষিয়ে দেবে। তবে ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়েছে, যেসব কোম্পানি বা সরকার ইরানের আরোপ করা শুল্ক দেবে তারা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

আরও পড়ুন

×