আমস্টারডামের শহরজুড়ে বিজ্ঞাপনের নতুন দৃশ্যপট
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১০:০৪
ট্রামের জন্য অপেক্ষা করছেন, চারপাশে ফুলে ভরা ছোট্ট গোলচত্বর, আর ঠিক সামনে একটা বড় বিলবোর্ড-কিন্তু সেখানে নেই কোনো বার্গার, নেই ফ্রাইড চিকেন অথবা সস্তা বিমানের টিকিটের লোভনীয় বিজ্ঞাপন। তার বদলে ভেসে উঠেছে একটি জাদুঘরের বা পিয়ানো কনসার্টের বিজ্ঞাপন। আমস্টারডামে এখন এমন দৃশ্যই স্বাভাবিক।
১ মে থেকে নেদারল্যান্ডসের এই রাজধানী শহরটি জনসমক্ষে মাংস ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক পণ্যের বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধ করেছে। অর্থাৎ, বিলবোর্ড, ট্রামস্টপ, মেট্রো স্টেশন-যেখানেই চোখ যায়, সেখানে আর দেখা যাবে না বার্গার, এসইউভি বা বিমান ভ্রমণের প্রচার।
শহর কর্তৃপক্ষ বলছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তাদের দীর্ঘমেয়াদি পরিবেশ পরিকল্পনা। তারা চায় ২০৫০ সালের মধ্যে আমস্টারডামকে কার্বন-নিরপেক্ষ শহরে পরিণত করতে এবং একই সময়ে নাগরিকদের মাংস খাওয়ার পরিমাণ অর্ধেকে নামিয়ে আনতে। তাদের মতে, শহরের দেয়ালে এমন পণ্যের বিজ্ঞাপন রাখা, যা সরাসরি পরিবেশের ক্ষতি করে-এটা এক ধরনের সাংঘর্ষিক বার্তা দেয়।
নীতিনির্ধারকদের একটি বড় যুক্তি হলো-বিজ্ঞাপন শুধু আমাদের কিছু কিনতে উৎসাহিত করে না, বরং কী “স্বাভাবিক” তা নিয়েও আমাদের ধারণা গড়ে তোলে। প্রতিদিন যদি চোখের সামনে মাংস বা সস্তা বিমানের টিকিটের বিজ্ঞাপন ভেসে ওঠে, তাহলে সেগুলোই আমাদের কাছে সাধারণ হয়ে ওঠে। তাই এই দৃশ্যপট বদলানো মানেই ধীরে ধীরে মানসিকতাও বদলানো।
তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও কম নয়। মাংস শিল্পের প্রতিনিধিরা বলছেন, এটি ভোক্তার স্বাধীনতায় হস্তক্ষেপ। একইভাবে ভ্রমণ খাতের ব্যবসায়ীরা মনে করছেন, তাদের বাণিজ্যিক প্রচার সীমিত করা হচ্ছে।
অন্যদিকে পরিবেশকর্মীরা বিষয়টিকে বড় একটি সামাজিক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। তাদের মতে, একসময় যেমন তামাকের বিজ্ঞাপন সর্বত্র দেখা যেত, পরে যেভাবে তা অস্বাভাবিক হয়ে গেছে-তেমনি একদিন হয়তো উচ্চ কার্বন নির্গমনকারী পণ্যগুলোকেও মানুষ ভিন্ন চোখে দেখবে।
যদিও এখনো নিশ্চিতভাবে বলা যায় না এই পদক্ষেপ মানুষের অভ্যাসে বড় কোনো পরিবর্তন আনবে কিনা, তবুও গবেষকদের মতে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ আমাদের চারপাশের দৃশ্যই অনেক সময় নির্ধারণ করে আমরা কীকে স্বাভাবিক মনে করি। আর ঠিক সেই জায়গাতেই আমস্টারডাম একটা বড় পরিবর্তনের পথে হাঁটছে।
সূত্র: বিবিসি
- বিষয় :
- বিলবোর্ড
- জীবাশ্ম জ্বালানি
- বিজ্ঞাপন
- কনসার্ট
