ট্রাম্পের আমলাতন্ত্র, স্বজনপ্রীতি নিয়ে প্রতিবেদন, পুলিৎজার পেল দুই গণমাধ্যম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুলিৎজার বিজয়ী দুই গণমাধ্যমের লোগো। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২০:০০ | আপডেট: ০৫ মে ২০২৬ | ২০:০৪
দ্বিতীয় দফায় ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কাঠামো নিজের ইচ্ছামতো সাজাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকতায় মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার জিতেছে দ্য ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প পরিবার ঘিরে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দ্য নিউইয়র্ক টাইমসও এ পুরস্কার জিতেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এ পুরস্কার ঘোষণা করা হয়। এ সময় পুরস্কার কমিটির পক্ষ থেকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপের চেষ্টার তীব্র সমালোচনা করা হয়।
‘পাবলিক সার্ভিস’ বিভাগে পুরস্কার জেতা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন নিয়ে পুলিৎজারের প্রশাসক মার্জোরি মিলার বলেছেন, তাদের প্রতিবেদনগুলোতে বাজেট বা জনবল ছাঁটাইয়ের মানবিক প্রভাব এবং এর পরিণতি ফুটে উঠেছে। অন্যদিকে নিউইয়র্ক টাইমস দেখিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্প কীভাবে নিজের, পরিবারের ও মিত্রদের অর্থ উপার্জনের সুযোগ তৈরি করেছেন।
ট্রাম্পের পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীরা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের মাধ্যমে কীভাবে লাভবান হয়েছেন তা উঠে এসেছে টাইমসের প্রতিবেদনে।
আঞ্চলিক সংবাদ বিভাগে বিশেষ সম্মাননা পেয়েছে দ্য শিকাগো ট্রিবিউন। তারা অবৈধ অভিবাসী দমনে ট্রাম্প প্রশাসনের চালানো অভিযানের বিস্তারিত প্রকাশ করেছে। একই বিভাগে যৌথভাবে দ্বিতীয় পুরস্কার জিতেছে কানেকটিকাট মিরর ও প্রো-পাবলিকা।
এছাড়া, মিয়ামি হেরাল্ডের সাংবাদিক জুলি কে ব্রাউনকে তাঁর যুগান্তকারী প্রতিবেদনের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তিনি কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে নিয়ে অনুসন্ধান করেছিলেন। ‘পারভারশন অব জাস্টিস’ শিরোনামের ধারাবাহিক প্রতিবেদনে এপস্টেইন কেলেঙ্কারি ও মার্কিন বিচার বিভাগের ভঙ্গুর দশার চিত্র তুলে ধরা হয়।
