যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব আজই দিতে পারে ইরান
হরমুজ প্রণালি সংক্রান্ত বিলবোর্ডের সামনে দিয়ে হেঁটে যান এক নারী। বুধবার তেহরানে। ছবি: এএফপি
আলজাজিরা
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৩:২০ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১৩:৩৪
যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি ইরান এখনো পর্যালোচনা করে দেখছে। কোনো আনুষ্ঠানিক সময়সীমা না থাকলেও ধারণা করা হচ্ছে আজই (বৃহস্পতিবার) পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের জবাব পাঠাবে তেহরান।
ইরানের পার্লামেন্টের সদস্য এবং সাবেক এক পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মার্কিনিদের কাছে একটি ফিরতি বার্তা পাঠানো হবে।
ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এই পর্যায়ে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করছে না। বরং তাদের মূল লক্ষ্য হলো সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান ঘটানো। এ বিষয়ে তারা সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে থেকে নিশ্চয়তা চায়। এরপর সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হরমুজ প্রণালির অবরোধ প্রত্যাহার চায়। এই শর্তগুলো পূরণ হলে, দ্বিতীয় ধাপে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
এদিকে, হরমুজ প্রণালি তদারকির জন্য ইরান ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ নামে নতুন একটি সংস্থা গঠন করেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই জলপথে জাহাজ চলাচল সংক্রান্ত নিয়ম পরিবর্তন হয়েছে। এখন থেকে যেকোনো জাহাজকে প্রণালি অতিক্রমের সময় ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
