ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা হলে কতদিন পর হরমুজ খুলবে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা হলে কতদিন পর হরমুজ খুলবে
×

জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পর্যবেক্ষণ করছেন এক ব্যক্তি। ছবি: এএফপি

আলজাজিরা

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ২০:০০

তেহরানকে দেওয়া ওয়াশিংটনের সবশেষ প্রস্তাবে নতুন কী কী শর্ত আছে তা বিস্তারিত জানা যায়নি। তবে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, দুইপক্ষ ১৪ দফার একটি চুক্তিতে পৌঁছানোর ‘খুব কাছাকাছি’ আছে। 

এই সমঝোতা স্মারক অনুযায়ী, ইরান অন্তত ১২ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং বিভিন্ন দেশে জব্দকৃত কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছেড়ে দেবে। 

এছাড়া, হরমুজ প্রণালিতে দুই দেশ যে পাল্টাপাল্টি অবরোধ দিয়ে রেখেছে, চুক্তিতে স্বাক্ষর করার ৩০ দিনের মধ্যে তা খুলে দেওয়া হবে।

ইরান গত কয়েক দশক ধরেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা সেই ঐতিহাসিক চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। ফলে নিষেধাজ্ঞার কারণে এখনো বিভিন্ন বিদেশি ব্যাংকে ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে আছে।

নতুন সমঝোতা স্মারকটি গত সপ্তাহে ইরানের প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনা থেকে ঠিক কতটা আলাদা, তা এখনো পরিষ্কার নয়। এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স বৃহস্পতিবার জানিয়েছে, মধ্যস্থতা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মেয়ে জামাই জ্যারেড কুশনার। যদি উভয়পক্ষ প্রাথমিক চুক্তিতে সম্মত হয়, তবে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর জন্য ৩০ দিনের বিস্তারিত আলোচনা শুরু হবে।

আরও পড়ুন

×