তামিলনাড়ুতে নতুন সমীকরণ
থালাপতির সরকার গঠনে অনিশ্চয়তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৩:১৬
তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে সরকার গঠনের সমীকরণ। নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরবর্তী সরকার গঠন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও এখনও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। সেই অনিশ্চয়তার মধ্যেই দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে জোট গঠনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় সরকার গঠন করতে ব্যর্থ হলে বিকল্প সমীকরণ তৈরির লক্ষ্যে ব্যাকচ্যানেলে আলোচনা শুরু করেছে দুই দ্রাবিড় দল।
সূত্রের দাবি, এআইএডিএমকে সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন দিতে পারে ডিএমকে। একই সঙ্গে ছোট দলগুলোর সমর্থন নিশ্চিত করার চেষ্টাও চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এ বিষয়ে মুখ খোলেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য সমঝোতা একেবারেই নজিরবিহীন। কয়েক দশক ধরে দুই দলই রাজ্যের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।
নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি আসন এবং এআইএডিএমকে ৪৭টি। ফলে দুই দলের সম্মিলিত আসন সংখ্যা দাঁড়ায় ১০৬, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে কম। তাই ছোট দলগুলোর সমর্থন ছাড়া এই সমীকরণেও সরকার গঠন সম্ভব নয়।
এদিকে বুধবার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে তিনি ১১২ জন বিধায়কের সমর্থনের তালিকা জমা দিয়েছেন বলে জানা গেছে। গভর্নর তাকে ১১৮ জন বিধায়কের সমর্থনের প্রমাণ নিয়ে আবার আসতে বলেছেন। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার মনে করছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ও স্থিতিশীল সমর্থন বিজয়ের টিভিকের হাতে নেই।
কংগ্রেস ইতোমধ্যে টিভিকেকে সমর্থনের ঘোষণা দিলেও সেটি এখন পর্যন্ত আনুষ্ঠানিক সমর্থনপত্রে রূপ নেয়নি বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় প্রথমবার অংশ নিয়েই ১০৮টি আসনে জয় পেয়েছে টিভিকে। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য এখনও অন্তত ১০টি আসনের সমর্থন প্রয়োজন তাদের। এই পরিস্থিতিতে ছোট দলগুলো এখন ‘কিংমেকার’ হিসেবে উঠে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে কয়েক ঘণ্টার ব্যবধানে পুরো ক্ষমতার সমীকরণ বদলে যেতে পারে।
- বিষয় :
- থালাপাতি বিজয়
