মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পর জোড়াসাঁকোয় শুভেন্দু
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শুভেন্দু অধিকারী। ছবি: আনন্দবাজার পত্রিকা
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৬:৪৩
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান শুভেন্দু অধিকারী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বলেন, “কবিগুরুকে প্রণাম জানিয়ে নতুন সরকার দায়িত্ব নিল। বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনা ও ভাবনায় পরিচালিত হবে। আজ তার শুভ সূচনা হলো।”
এ সময় তিনি বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে গড়ে ওঠা রাজনৈতিক দলকে কারও কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি এখানে কোনো বিতর্কিত মন্তব্য করতে চাই না। আমি এখন মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের।”
সমালোচকদের উদ্দেশে শুভেন্দু বলেন, “আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। যারা এখনও সমালোচনা করছেন, তাদের চৈতন্যের উদয় হোক। আমাদের একটাই মন্ত্র-চরৈবতি, চরৈবতি, চরৈবতি।”
পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে। শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি নষ্ট হয়েছে। আমরা বাংলাকে নবনির্মাণ করব। যারা সমালোচনা করতে চায় করুক, আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব।”
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে এবার ২০৭টিতে জয় পেয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি ২টি করে এবং সিপিআই (এম) ও অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট ১টি করে আসন পেয়েছে। অনিয়মের অভিযোগ বাতিল হয়েছে একটি আসনের ভোট। গত ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটের ফল প্রকাশ হয় ৪ মে।
শুভেন্দু অধিকারী এবারের বিধানসভা নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ আসনে জিতেছেন। নিজের নন্দীগ্রামের আসন ধরে রাখার পাশাপাশি ভবানীপুরে হারিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
