মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম আদেশে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা
শপথ নেওয়ার পর ভাষণ দেন থালাপতি বিজয়। রোববার চেন্নাইয়ে। ছবি: এএফপি
তথ্যসূত্র: এনডিটিভি
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৪:০১
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিন দুটি নথিতে স্বাক্ষর করেছেন থালাপতি বিজয়। এগুলো হলো সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়া এবং নারীদের নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করা।
রোববার তামিলনাড়ুর চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৫১ বছর বয়সী বিজয়। এরপর দেওয়া এক ভাষণে তিনি বলেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দেবেন না। কাজের মূল্যায়নের জন্য জনগণের কাছে থেকে কিছুটা সময়ও চেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া এই মুখ্যমন্ত্রী।
বিজয় জানিয়েছেন, সরকারের পরবর্তী কাজগুলো শুরু করার আগে স্বচ্ছতা বজায় রাখতে তিনি রাজ্যের আর্থিক পরিস্থিতির ওপর একটি শ্বেতপত্র প্রকাশের কথা ভাবছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, নতুন মুখ্যমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি টাকা। এর মধ্যে ২১৩ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে এবং ১০০ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত (এফডি) হিসেবে বিনিয়োগ করা আছে।
বিজয় শপথ নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মানুষের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে মিলে কাজ করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
ভাষণে থালাপতি বিজয় বলেন, ‘আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না। আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র।’ এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন, তাঁর সরকারের সব নীতির জন্য তিনি নিজে দায়বদ্ধ থাকবেন। ‘ক্ষমতার কেন্দ্র’ এমন বক্তব্যের মাধ্যমে জোট সঙ্গীদের চাপ বা হুকুম তামিল না করার দিকেও ইঙ্গিত দিয়েছেন বিজয়।
