জোট গড়তে ব্যর্থ ফ্রেডেরিকসেন, ডেনমার্কে সরকার গঠনের চেষ্টায় ডানপন্থীরা
রাজার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। রোববার কোপেনহেগেনে। ছবি: এএফপি
দ্য গার্ডিয়ান
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৬:৫০
ডেনমার্কে সরকার গঠনের জন্য মধ্য-ডানপন্থী নেতাদের আহ্বান জানিয়েছেন দেশটির রাজা ফ্রেডরিক। বর্তমান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন জোট গড়তে ব্যর্থ হওয়ায় ইউরোপের দেশটির শাসনে সম্ভবত পরিবর্তন আসতে যাচ্ছে।
গত মার্চ মাসের পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছিল ফ্রেডেরিকসেনের নেতৃত্বাধীন বামপন্থী দল সোশ্যাল ডেমোক্র্যাটস। কিন্তু সবচেয়ে বেশি ভোট পেলেও দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। যা নিয়ে দেশটির রাজনীতিতে অচলাবস্থা চলছিল।
নির্বাচনের পর ফ্রেডেরিকসেন আরেক রাজনীতিবিদ লার্স লোকে রাসমুসেনের মডারেটস দলের সমর্থনে একটি বামপন্থী সরকার গঠনের চেষ্টা করেছিলেন। ফলে সরকার গঠনের জন্য রাসমুসেনকে ‘কিংমেকার’ বা ভাগ্য নির্ধাক হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু স্থানীয় সময় শুক্রবার রাসমুসেন জোটের আলোচনা থেকে বেরিয়ে যান। এরপর তিনি মধ্য-ডানপন্থী লিবারেল পার্টির চেয়ারম্যান ট্রোয়েলস লুন্ড পোলসেনকে সমর্থন জানান।
এরপর রাজা ফ্রেডরিক লিবারেল পার্টির নেতা পোলসেনকে নতুন সরকার গঠনে চেষ্টা করার আহ্বান জানান। রাজা এক বিবৃতিতে সোশ্যাল ডেমোক্র্যাট ও মডারেটদের বাদ দিয়েই সরকার গঠনে আলোচনা শুরুর জন্য পোলসেনকে অনুরোধ করেন।
পোলসেনকে এখন একটি সরকার গঠনের জন্য ডানপন্থী দলগুলোর জোট তৈরি করতে হবে। এই প্রক্রিয়ার জন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে ডেনমার্কের রাজনীতি ক্রমশ ডানপন্থার দিকে ঝুঁকছে। গত মার্চের নির্বাচনেও বেশ কিছু ডানপন্থী দলের অভাবনীয় সাফল্য দেখা গেছে। বিশেষ করে ঐতিহ্যগতভাবে কট্টর-ডানপন্থী হিসেবে পরিচিত ‘ড্যানিশ পিপলস পার্টি’র উত্থান ছিল চোখে পড়ার মতো। আগের তুলনায় মার্চের নির্বাচনে তাদের ভোট তিন গুণ বেড়েছে।
