ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
×

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি: সংগৃহীত

ব্যাংকক পোস্ট

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১০:১৯ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৫:৩৬

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সোমবার সকালে ব্যাংককের ক্লংপ্রেম সেন্ট্রাল কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বের হওয়ার পর পরিবারের সদস্য ও সমর্থকদের শুভেচ্ছায় সাড়া দেন তিনি।

স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে সাদা শার্ট ও নীল প্যান্ট পরিহিত থাকসিনকে কারাগারের প্রধান ফটক দিয়ে বের হতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, ফিউ থাই পার্টি-এর নেতাকর্মী এবং ‘রেড শার্ট’ সমর্থকেরা। তিনি সমর্থকদের উদ্দেশে হাত জোড় করে শুভেচ্ছা জানান এবং জাতীয় সংগীত বাজানোর সময় থাই জাতীয় পতাকাকে সম্মান জানান।

পরে একটি মার্সিডিজ-মেবাখ গাড়িতে করে তিনি কারাগার ত্যাগ করেন। গাড়ির জানালা খোলা রেখে সমর্থকদের উদ্দেশে বারবার অভিবাদন জানান থাকসিন।

থাইল্যান্ডের সংশোধন বিভাগ জানিয়েছে, সাধারণ প্যারোলের আওতায় মুক্তি পাওয়া ৮৫৯ বন্দির মধ্যে ছিলেন থাকসিন। প্যারোলের শর্ত অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ইলেকট্রনিক মনিটরিং (ইএম) ব্রেসলেট পরতে হবে। এছাড়া তিন দিনের মধ্যে তাকে ব্যাংকক প্রবেশন অফিসে রিপোর্ট করতে হবে এবং প্যারোল চলাকালে প্রতি মাসে কর্তৃপক্ষকে হাজিরা দিতে হবে।

৭৬ বছর বয়সী থাকসিন গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে কারাভোগ করছিলেন। ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতের মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট জানায়, ২০২৩ সালে দেশে ফেরার পর কারাগারের পরিবর্তে পুলিশ জেনারেল হাসপাতালে দীর্ঘদিন অবস্থানকে বৈধ কারাভোগ হিসেবে গণ্য করা যাবে না। আদালতের আদেশ অনুযায়ী দুই-তৃতীয়াংশ সাজা ভোগ সম্পন্ন হওয়ায় তিনি প্যারোলের যোগ্যতা অর্জন করেন।

দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর ২০২৩ সালের আগস্টে দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। এরপর থেকেই থাইল্যান্ডের রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন

×