ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তামিলনাড়ুতে দিনবদল

প্রথম ভাষণেই রাজনৈতিক উত্তাপ ছড়ালেন থালাপতি

প্রথম ভাষণেই রাজনৈতিক উত্তাপ ছড়ালেন থালাপতি
×

ভারতের তামিলনাড়ু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির (বামে) শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। গতকাল রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। ছবি: এএফপি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১১:০৯ | আপডেট: ১১ মে ২০২৬ | ১১:১০

চার দিনের রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিভিকের সভাপতি জোসেফ বিজয় চন্দ্রশেখর (থালাপতি বিজয়)। গতকাল রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠান হয়। পরে এক সমাবেশে প্রথম ভাষণেই তিনি রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছেন। তাঁর বক্তব্যে সুশাসন, নারী সুরক্ষা ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি এসেছে। 

এনডিটিভি জানায়, শপথ অনুষ্ঠানে থালাপতির মা শোভা চন্দ্রশেখর ও বাবা এস এ চন্দ্রশেখর উপস্থিত ছিলেন। তবে স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম ও তাদের সন্তানরা অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অন্যদিকে মন্ত্রিসভায় ৯ তরুণ নেতাকে স্থান দেওয়ায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। গতকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে থালাপতি নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।

ভাষণটি ছিল আবেগঘন ও রাজনৈতিকভাবে উত্তপ্ত। তিনি একটি দুর্নীতিমুক্ত সরকারের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তাঁর ওপর আস্থা রাখার জন্য তিনি জনগণকে ধন্যবাদ জানান। জনসমাবেশে থালাপতি বলেন, ‘আমি সাধারণ অবস্থা থেকে উঠে এসেছি এবং রাজনৈতিক সুবিধা নিয়ে জন্ম নিইনি। আমার হৃদয়ে যারা বাস করেন, তাদের সবাইকে অভিবাদন।’ তিনি বলেন, ‘আমি একজন সামান্য সহকারী চলচ্চিত্র পরিচালকের ছেলে। দারিদ্র্য ও ক্ষুধাকে নিজ চোখে দেখেছি। আমি আপনাদেরই একজন। আমি নিজেকে আপনাদের ছেলে বা ভাই বলে মনে করি।’ সমালোচনা, অপমান এবং রাজনৈতিক আক্রমণের মধ্যেও পাশে থাকার জন্য জনগণকে ধন্যবাদ জানাতে গিয়ে থালাপতি আবেগপ্রবণ হয়ে পড়েন।

টিভিকের প্রতি সমর্থন দেয় রাজনৈতিক দল ভিসিকে এবং আইইউএমএল। এর পরই থালাপতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দুই দলের সমর্থন পাওয়ার ফলে তাঁর সমর্থক বিধায়কের সংখ্যা বেড়ে ১২০-এ দাঁড়ায়। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। টিভিকে প্রথমবারের মতো তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ৫০ লাখ ভোট অতিক্রম করে একটি আনুষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি লাভ করে। থালাপতি তাঁর ভাষণে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। মাদক সমস্যা মোকাবিলার জন্য একটি বিশেষ টাস্কফোর্স এবং নারী সুরক্ষা নিশ্চিত করতে একটি হেল্পলাইনসহ বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দেন।   

থালাপতিকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শপথ গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানান থালাপতিকে। মোদি এক্স পোস্টে বলেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় জোসেফ বিজয়কে অভিনন্দন। তাঁর আসন্ন মেয়াদের জন্য শুভকামনা রইল। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করে যাবে। এর প্রতিক্রিয়ায় থালাপতি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শপথের মঞ্চে রাহুল গান্ধী

থালাপতির শপথের মঞ্চে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির শপথ গ্রহণের পর রাহুল গান্ধী, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, তাঁর সঙ্গে শপথ নেওয়া আট মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গ্রুপ ছবি তোলেন। ভারতীয় লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী বিজয়ের শপথ অনুষ্ঠানের উপস্থিত হলে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

‘একমাত্র ক্ষমতা’র বার্তা 

ভাষণে বিজয় বলেন, ‘আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের সিদ্ধান্ত গ্রহণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। 

আরও পড়ুন

×