জ্বালানি সংকট মোকাবিলা
হোম অফিস করুন, বিদেশে বিয়ে বা ভ্রমণ বাদ দিন: নরেন্দ্র মোদি
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৫:১১
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয়দের বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হওয়ায় দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশবাসীকে গণপরিবহন ব্যবহার করারও পরারর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদেশে গিয়ে বিয়ে করা বা ভ্রমণ করা এবং জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকতে বলেছেন। পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে সহায়তা করার লক্ষ্যেই এই আহ্বান জানান তিনি।
হায়দরাবাদে এক অনুষ্ঠানে মোদি বলেন, দেশপ্রেম মানে কেবল সীমান্তে জীবন উৎসর্গ করার ইচ্ছা নয়। এই সময়ে দৈনন্দিন জীবনে দায়িত্বশীল হওয়া এবং দেশের প্রতি কর্তব্য পালন করাই হলো প্রকৃত দেশপ্রেম। আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, সরবরাহব্যবস্থার চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবিলায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, যেখানে সুযোগ আছে সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করুন। এ ছাড়া কার-পুলিং (একই গাড়িতে একাধিক যাত্রী যাতায়াত) এবং পণ্য পরিবহনে রেলওয়েকে প্রাধান্য দিয়ে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনুন। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন (ইভি) ব্যবহারের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
এ ছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে প্রধানমন্ত্রী মোদি জনগণকে বিদেশে ছুটি কাটানো এবং দেশের বাইরে বিয়ের অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। আগামী এক বছর জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার জন্যও আহ্বান জানান তিনি। এ ছাড়া ভোজ্যতেলের ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, এটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত স্বাস্থ্য উভয়ের জন্যই মঙ্গলজনক।
প্রধানমন্ত্রী দেশবাসীকে জুতা, ব্যাগ, অনুষঙ্গসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে ‘মেড ইন ইন্ডিয়া’ বা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, রাসায়নিক সারের ব্যবহার ৫০ শতাংশ কমিয়ে আনুন এবং কৃষিকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌরশক্তিচালিত সেচপাম্প ব্যবহার করুন। সেই সঙ্গে তিনি জনসাধারণকে বিদেশের বদলে দেশের অভ্যন্তরীণ পর্যটন বেছে নিতে উৎসাহিত করেন।
- বিষয় :
- নরেন্দ্র মোদি
- হোম অফিস
