ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুদ্ধবিরতিতেও থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘাত

যুদ্ধবিরতিতেও থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘাত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১১:৫৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষিত হলেও দুপক্ষই হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইনের বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে মস্কো দাবি করেছে, কিয়েভই প্রথম সমঝোতা লঙ্ঘন করেছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে গত শুক্রবার ৯ থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে গত রোববার থেকেই এই সমঝোতায় ভাঙনের ইঙ্গিত দেখা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও আকাশ হামলা থেকে বিরত থাকলেও ফ্রন্টলাইনের বিভিন্ন অংশে স্থল অভিযান অব্যাহত রেখেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফ্রন্ট লাইনের বিভিন্ন এলাকায় অন্তত ১৮০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সময়ে রুশ বাহিনী আট হাজারের বেশি ‘কামিকাজে’ ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করেছে কিয়েভ। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ছাড়া খেরসনে দুজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খারকিভ, মিকোলাইভ ও দোনেৎস্ক অঞ্চলেও বহু মানুষ আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত এক দিনে তারা ইউক্রেনের ৫৭টি ড্রোন ভূপাতিত করেছে এবং যুদ্ধক্ষেত্রে ‘সমান জবাব’ দিয়েছে।

এদিকে রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার চেষ্টা করছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে ড্রোন প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতায় আগ্রহ দেখিয়েছে প্রায় ২০টি দেশ। এরই মধ্যে চারটি চুক্তি সই হয়েছে এবং সেগুলোর আওতায় প্রথম দফার কার্যক্রমও শুরু হচ্ছে। সম্প্রতি জার্মানি, নরওয়ে ও নেদারল্যান্ডসের সঙ্গে ড্রোন ও প্রতিরক্ষা চুক্তি করেছে ইউক্রেন। 

এ ছাড়া সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও দীর্ঘমেয়াদি নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তুলেছে কিয়েভ। জেলেনস্কি জানিয়েছেন, এসব সহযোগিতার মাধ্যমে ইতোমধ্যে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ পেতে শুরু করেছে ইউক্রেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কৃষিপণ্য রপ্তানি ও জ্বালানি নিরাপত্তা নিয়েও নতুন সমঝোতার আশা করছে কিয়েভ। খবর রয়টার্সের।
 

আরও পড়ুন

×