বিনামূল্যে বিদ্যুতের পর এবার মদের দোকান বন্ধের আদেশ বিজয়ের
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি: এএফপি
এনডিটিভি
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৬:১৬
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় রাজ্যজুড়ে মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। রাজ্য মালিকানাধীন সংস্থা ‘টাসম্যাক’ এই দোকানগুলো পরিচালনা করে।
বিজয় আগামী দুই সপ্তাহের মধ্যে দোকানগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন। ক্ষমতায় বসার পর এটিই বিজয়ের প্রথম বড় কোনো সরকারি আদেশ। গত রোববার শপথ নেওয়ার পরপরই দুটি সরকারি নথিতে স্বাক্ষর করেছিলেন বিজয়। সেগুলোতে সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়া এবং নারীদের নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী গঠনের আদেশ আছে।
রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জনসাধারণের কল্যাণের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরা মদের দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন।
বর্তমানে তামিলনাড়ুতে টাসম্যাক পরিচালিত মদের দোকান আছে ৪ হাজার ৭৬৫টি। এর মধ্যে ২৭৬টি বিভিন্ন উপাসনালয়ের কাছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ১৮৬ এবং বাসস্ট্যান্ডের কাছে আছে ২৫৫টি।
শপথ নেওয়ার পর দেওয়া এক ভাষণে বিজয় বলেছিলেন, ‘আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না। আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র।’ এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন, তাঁর সরকারের সব নীতির জন্য তিনি নিজে দায়বদ্ধ থাকবেন। ‘ক্ষমতার কেন্দ্র’ এমন বক্তব্যের মাধ্যমে জোট সঙ্গীদের চাপ বা হুকুম তামিল না করার দিকেও ইঙ্গিত দিয়েছেন বিজয়।
- বিষয় :
- থালাপতি বিজয়
- মুখ্যমন্ত্রী
- তামিলনাড়ু
- ভারত
