স্বর্ণ কেনা ও ভ্রমণে নিরুৎসাহ, মোদিকে অর্থনীতির অবস্থা জানানোর চাপ
নরেন্দ্র মোদি ও অরবিন্দ কেজরিওয়াল। ছবি: এএফপি
পিটিআই ও ইন্ডিয়া টুডে
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৮:১৭
ভারতের নাগরিকদের সম্প্রতি স্বর্ণ কম কেনা, বিদেশ ভ্রমণ সীমিত করা এবং পেট্রোলিয়াম পণ্যের ব্যবহার কমানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীরা তাঁর এই বক্তব্যের কড়া সমালোচনা করে এটিকে সরকারের ‘ব্যর্থতার প্রমাণ’ হিসেবে অভিহিত করেছেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই অনুরোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, মিতব্যয়ী হওয়ার অনুরোধের চেয়ে প্রধানমন্ত্রীর উচিত দেশের অর্থনীতির বর্তমান অবস্থা জনগণকে জানানো।
আম আদমি পার্টির (এএপি) ন্যাশনাল কনভেনার কেজরিওয়াল বলেন, দেশ আগেও যুদ্ধসহ নানা সংকটের মধ্য দিয়ে গেছে। কিন্তু কোনো প্রধানমন্ত্রী মোদির মতো কঠোর পদক্ষেপ ঘোষণা করেননি। এমনকি জনগণকে তা মেনে চলারও অনুরোধ জানাননি।
মূলত ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদি মিতব্যয়ী হওয়ার অনুরোধ করেছেন। তবে কেজরিওয়াল বলছেন, দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতির পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, মধ্যবিত্তরাই কেন মিতব্যয়ী পদক্ষেপের লক্ষ্য। কেন প্রধানমন্ত্রী, তাঁর মন্ত্রী, আমলা এবং অতি ধনীরা মিতব্যয়ী হওয়ার তালিকায় নেই?
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ১০ মে হায়দরাবাদে দেওয়া এক ভাষণে মোদি ভারতীয়দের আচরণগত পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বক্তব্যে যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করেননি। তবে তাঁর ভাষণটি অনেকটা যুদ্ধকালীন সময়ের অর্থনৈতিক নির্দেশনার মতোই ছিল।
- বিষয় :
- নরেন্দ্র মোদি
- ভাষণ
- অর্থনীতি
- ভারত
