কুয়েতে প্রবেশের চেষ্টা, আইআরজিসির দুই কর্নেলসহ গ্রেপ্তার ৪
কুয়েতের পতাকা ও আইআরজিসির লোগো। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৯:০৪
সমুদ্রপথে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে কুয়েতের সরকার। ওই চারজনের মধ্যে দুজন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ বাহিনীর কর্নেল। বাকিদের মধ্যে একজন ক্যাপ্টেন ও অপরজন লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার কর্মকর্তা।
মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে ওই চারজন কুয়েতের বৃহত্তম দ্বীপ ‘বুবিয়ান’-এ অনুপ্রবেশের দায়িত্ব পেয়েছিলেন। বুবিয়ান ইরান উপকূলের কাছের একটি দ্বীপ। ১ মে আইআরজিসির সদস্যরা মাছ ধরার নৌকায় করে দ্বীপে প্রবেশের চেষ্টা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, দ্বীপে অবস্থানরত কুয়েতি বাহিনীর সঙ্গে আইআরজিসির সদস্যদের গোলাগুলি হয়। এতে এক কুয়েতি সেনা আহত হন। আইআরজিসির দুই সদস্য পালিয়ে গেছেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুয়েত। সন্ত্রাসবাদী সংস্থাকে অর্থায়নের অভিযোগে গত মাসের মাঝামাঝিতে ২৪ জনকে গ্রেপ্তার করে কুয়েত সিটি।
