নেতৃত্বের চ্যালেঞ্জ যুক্তরাজ্যকে বিশৃঙ্খলায় নিমজ্জিত করবে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১০:৪৭ | আপডেট: ১৫ মে ২০২৬ | ১২:৫৭
যুক্তরাজ্যের চ্যান্সেলর রাচেল রিভস সতর্ক করে বলেছেন, লেবার পার্টির অভ্যন্তরে নেতৃত্বের চ্যালেঞ্জ পুরো দেশকে বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে কয়েকজনের পদত্যাগ ও তাঁকে চ্যালেঞ্জ জানানোর প্রেক্ষাপটে এ খবর এলো।
গতকাল বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়। এর আগে গত বুধবার স্টারমারও একইভাবে সতর্ক করেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে নেতৃত্বের চ্যালেঞ্জ লেবার পার্টিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলবে। সম্প্রতি স্থানীয় নির্বাচনে দলের খারাপ ফলাফলের পর স্টারমারকে সরিয়ে দেওয়ার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে জল্পনা বাড়তে থাকে। লেবার পার্টির অভ্যন্তরে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে স্টারমার দলকে আরও অস্থিতিশীল না করার জন্য মন্ত্রিদের অনুরোধ করেন। স্কাই নিউজ তাঁর বক্তব্যকে তুলে ধরেছে, যেখানে তিনি বলেছেন, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যদি নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে, তবে তা বিশৃঙ্খলার শতভাগ কারণ হবে।
এ সতর্কবার্তা এমন সময় এলো যখন ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করার এবং বৃহস্পতিবার সকালের মধ্যেই নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ জানানোর কথা ভাবছেন। এর অর্থ হলো– প্রার্থীসহ লেবার পার্টির ৮১ জন সংসদ সদস্যের সমর্থন তাঁর প্রয়োজন হবে। বুধবার সংসদের রাষ্ট্রীয় অধিবেশন শুরুর আগে স্ট্রিটিংকে ১০ ডাউনিং স্ট্রিটে ঢুকতে দেখা গেলেও তিনি ২০ মিনিটেরও কম সময়ের মধ্যে সেখান থেকে বেরিয়ে যান।
গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর থেকে স্টারমারের ওপর চাপ তীব্র হয়েছে। মঙ্গলবার সরকারের বেশ কয়েকজন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেন। এ ছাড়া বেশ কয়েকজন কেবিনেট মন্ত্রী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এদিকে, লেবার-সমর্থিত ১১টি ইউনিয়ন এক যৌথ বিবৃতি জারি করে দলকে নেতৃত্ব পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে।
- বিষয় :
- যুক্তরাজ্য
- লেবার পার্টি
- কিয়ার স্টারমার
