ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেইজিং সফর

চীন সফর শেষে ফোন-উপহার ফেলে বিমানে ওঠেন মার্কিন প্রতিনিধি দল

চীন সফর শেষে ফোন-উপহার ফেলে বিমানে ওঠেন মার্কিন প্রতিনিধি দল
×

মার্কিন প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

দ্য ইকোনোমিক টাইমস

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১০:১৮

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বেইজিং সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সফর ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল বলে মার্কিন সংবাদমাধ্যম মিরর ইউএস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সফর শেষে চীন থেকে পাওয়া সমস্ত উপহারই ফেলে দেন মার্কিন প্রতিনিধিরা। এমনকি সফরে ব্যবহৃত ‘বার্নার ফোন’ও দেশে ফেরার আগে নষ্ট করে দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার নিরাপত্তার ঝুঁকি এড়াতে ট্রাম্পের সফরসঙ্গীদের ব্যক্তিগত মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য কোনও বৈদ্যুতিক যন্ত্র সঙ্গে নিতে নিষেধ করা হয়েছিল। তার বদলে তাদের হাতে দেওয়া হয়েছিল সাময়িক ব্যবহারের জন্য ‘বার্নার ফোন’। সাধারণত বিদেশ সফরে নিরাপত্তাজনিত কারণে এই ধরনের ফোন ব্যবহার করা হয়। এগুলি তুলনামূলকভাবে সস্তা এবং সীমিত সুবিধাযুক্ত হওয়ায় হ্যাক হলেও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা কম থাকে।

আমেরিকায় ফেরার আগে ওই ফোনগুলি ধ্বংস করে দেওয়া হয় বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, চীনের তরফ থেকে দেওয়া স্মারকচিহ্ন, ব্যাজ-সহ নানা উপহারও এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই ফেলে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই কিছু নির্দিষ্ট দেশ সফরের ক্ষেত্রে বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে অতিরিক্ত সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়ে আসছে। তাদের আশঙ্কা, মোবাইল বা অন্য ডিভাইসের মাধ্যমে হ্যাকিং, ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো কিংবা গোপনে তথ্য সংগ্রহের চেষ্টা হতে পারে। এমনকি বন্ধ থাকা ফোনও নজরদারির আওতায় আসতে পারে বলেই মনে করেন গোয়েন্দারা। সেই কারণেই চীন সফরে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করেননি এবং সেখান থেকে পাওয়া কোনও সামগ্রীও দেশে ফেরাননি।

স্থানীয় সময় বুধবার বেইজিং পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা।  ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।

আরও পড়ুন

×