ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের ওপর ‘কোনো আস্থা নেই’ ইরানের: আরাগচি

যুক্তরাষ্ট্রের ওপর ‘কোনো আস্থা নেই’ ইরানের: আরাগচি
×

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

রয়টার্স

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৩:৩০ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১৩:৩৯

যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ওয়াশিংটন যদি চুক্তি নিয়ে আন্তরিক না হয়, তাহলে ইরান তাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয়। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা স্থগিত রয়েছে।

আরাগচি জানান, যারা ইরানের সঙ্গে ‘যুদ্ধে জড়িত নয়’, তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে, তবে এ ক্ষেত্রে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের পরিস্থিতি বর্তমানে ‘খুবই জটিল’।

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে থাকা আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় ইরান সবসময় তার দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকেও বিষয়টি অবহিত করেন।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও স্থায়ী শান্তিচুক্তি নিয়ে অচলাবস্থা চলছে। আলোচনায় পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুই পক্ষই একে অপরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলেও জানা গেছে।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের ‘বিরোধপূর্ণ বার্তা’ তেহরানের আস্থার সংকট তৈরি করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলেও ইরান প্রয়োজনে আবারও যুদ্ধে যেতে প্রস্তুত।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রতি তাঁর ধৈর্য শেষ হয়ে আসছে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা চলছে। ইরান অবশ্য বলছে, শান্তি প্রক্রিয়ায় সহায়তা করতে পারে এমন যেকোনো দেশের উদ্যোগ তারা স্বাগত জানাবে।
 

আরও পড়ুন

×