জন্মহার বাড়াতে আর্থিক প্রণোদনা ঘোষণা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর
তৃতীয় সন্তানের জন্মে ৩০ হাজার, চতুর্থে ৪০ হাজার রুপি
ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। ছবি: সংগৃহীত
এনডিটিভি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১১:০৮ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১১:৪৫
ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দিতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, তৃতীয় সন্তান জন্ম নিলে পরিবারকে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি দেওয়া হবে।
শুক্রবার শ্রীকাকুলাম জেলার নারসান্নাপেটায় এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তেলেগু দেশম পার্টি (টিডিপি) প্রধান। তিনি বলেন, একসময় পরিবার পরিকল্পনার পক্ষে কাজ করলেও এখন শিশুদের 'সম্পদ' হিসেবে দেখার সময় এসেছে।
নাইডু দীর্ঘদিন ধরেই কমে যাওয়া জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তিনি সতর্ক করে বলেছেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশের ভুল ভারতের করা উচিত নয়। তাঁর মতে, জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখতে মোট প্রজনন হার (টিএফআর) ২ দশমিক ১ থাকা জরুরি।
তিনি আরও বলেন, আয় বৃদ্ধি পাওয়ায় অনেক দম্পতি এখন এক সন্তানেই সীমাবদ্ধ থাকছেন, আবার কেউ কেউ প্রথম সন্তান মেয়ে হলে দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন।
তবে এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম সামাজিক মাধ্যমে শুধু 'সত্যিই?' লিখে কটাক্ষ করেন।
কংগ্রেসের মুখপাত্র অলোক শর্মা বলেন, দেশে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে কোনো নীতি নেই। তিনি দাবি করেন, লোকসভায় আসন বাড়ানোর আলোচনার কারণে দক্ষিণ ভারতে জনসংখ্যা কমে গেলে আসন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে ওয়াইএসআর কংগ্রেসের মুখপাত্র কার্তিক ইয়েল্লাপ্রাগাদা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা আড়াল করতেই এই ঘোষণা দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, এটি জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার রাজনৈতিক কৌশল।
- বিষয় :
- ভারত
- অন্ধ্রপ্রদেশ
- প্রণোদনা
