প্রদর্শনীতে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ, আছড়ে পড়ল মাটিতে
যুদ্ধবিমান বিধ্বস্তের পর ধোঁয়া উড়ছে। রোববার যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে। ছবি: ফরচুনের সৌজন্যে
পিবিএস নিউজ
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৩:২৮ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৩:৩৮
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে প্রদর্শনী চলার সময় নৌবাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি জেটই বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। ভেতরে থাকা ক্রুরা প্যারাসুট দিয়ে জরুরি অবতরণ করেছেন।
স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুটি জেটের মধ্যে সংঘর্ষের পর সেগুলোর অংশ বিশেষ ভেঙে মাটিতে পড়ে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও এমন দৃশ্য দেখা গেছে।
প্রদর্শনীটির আয়োজন করা হয়েছিল পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স ঘাঁটিতে। আয়োজকরা জানান, জেট চালানোর ইতিহাস উদযাপন ও আধুনিক সামরিক সক্ষমতা তুলে ধরা ছিল প্রদর্শনীর উদ্দেশ্য।
আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান সিলভার উইংস অব আইডাহোর বিপণন পরিচালক কিম সাইকস জানান, তিনি নিজে দুর্ঘটনাটি সরাসরি দেখেননি। তবে পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখেছেন। দুর্ঘটনাটি বিমান ঘাঁটির বাইরে ঘটেছে।
বিমান ঘাঁটি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ‘গানফাইটার স্কাইস এয়ার শো’ চলাকালে দুর্ঘটনার পর পুরো ঘাঁটি লকডাউন করা হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছেন, তদন্তও শুরু হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ৩৬৬তম ফাইটার উইংয়ের জনসংযোগ দপ্তরে যোগাযোগ করা হলে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, আপাতত তাঁর কাছে খুব বেশি তথ্য নেই।
