ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরানে মঙ্গলবার হামলার পরিকল্পনা ছিল: ট্রাম্প

ইরানে মঙ্গলবার হামলার পরিকল্পনা ছিল: ট্রাম্প
×

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটন ডিসিতে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৪:৩২ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৪:৩৯

ইরানে নতুন করে হামলার জন্য নির্ধারিত দিনটি ছিল মঙ্গলবার। এদিন ঘিরেই প্রস্তুতি নিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। তবে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে সেটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি বহুল প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে গেছেন। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারাও এই পরিকল্পিত অভিযান স্থগিতের অনুরোধ করেছেন।

এর আগে ইরান হুমকি দিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে অভিযান চালায় তাহলে তারাও আরব দেশগুলোর ওপর পাল্টা আঘাত হানবে। ট্রাম্প লিখেছেন, যদি একটি গ্রহণযোগ্য চুক্তি না হয়, তবে যেকোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণাঙ্গ ও বড় ধরনের হামলা শুরুর জন্য তিনি সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

এদিকে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুবই ইতিবাচক একটি অগ্রগতি হয়েছে। চুক্তি খুব কাছাকাছি পর্যায়ে আছে বলে জানিয়েছেন আরব মিত্ররা। এর মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা বর্জন করবে। মিত্রদের (আরব দেশ) একটি সমাধান বের করার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইরানের ওপর নির্বিচারে বোমা হামলা না করে যদি সমাধান করা যায় তবে তিনি খুবি হবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দেয় ইরান। পাশাপাশি তারা এখনো হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচনায় তেহরান নিজেদের উদ্বেগের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে।

আরও পড়ুন

×