ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাজাগামী ত্রাণবাহী বহর সাইপ্রাসের কাছে আটকে দিল ইসরায়েলি বাহিনী

গাজাগামী ত্রাণবাহী বহর সাইপ্রাসের কাছে আটকে দিল ইসরায়েলি বাহিনী
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৭:৪০

গাজা উপত্যকার উদ্দেশে রওনা হওয়া ৫০টিরও বেশি নৌকার একটি ত্রাণবাহী বহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় জলসীমায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনপন্থি আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টরা।

‘গ্লোবাল ফ্লিট কোয়ালিশন’ এক বিবৃতিতে জানায়, গাজা উপকূল থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কমান্ডোরা তাদের এই নৌবহরে আকস্মিক অভিযান চালায়।

ইসরায়েলের এই পদক্ষেপকে তারা ‌‘উন্মুক্ত জলসীমায় একটি অবৈধ অনুপ্রবেশ’ হিসেবে আখ্যায়িত করেছে। বহর থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিওতেও ইসরায়েলি কমান্ডোদের বেশ কয়েকটি নৌকায় চড়াও হতে দেখা গেছে।

এদিকে এই অভিযানের পক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘গাজায় হামাস সন্ত্রাসীদের ওপর আমরা যে অবরোধ আরোপ করেছি, তা ভেঙে দেওয়ার একটি ধ্বংসাত্মক পরিকল্পনা এই অভিযানের মাধ্যমে সফলভাবে নস্যাৎ করা হয়েছে।’

উল্লেখ্য, গত মাসেও গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি এলাকা থেকে এই একই বহরের ২২টি নৌকা জব্দ করেছিল ইসরায়েলি বাহিনী। সেই ঘটনায় নৌকায় থাকা ১৮১ জন অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করা হয়।

তবে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার মুখে পরদিনই গ্রিসের একটি দ্বীপে তাদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবাইকে মুক্তি দেওয়া হয়।

পরবর্তীতে এই বহরের অবশিষ্ট নৌকাগুলো তুরস্কের মারমারিস বন্দরে আশ্রয় নেয়। সেখান থেকেই গত বৃহস্পতিবার ৫৪টি নৌকার এই বহরটি দক্ষিণ-পূর্ব দিকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

এই মানবিক সহায়তা কার্যক্রমে ৪৫টি দেশের ৪৬০ জনেরও বেশি অ্যাক্টিভিস্ট অংশ নিয়েছেন বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন

×