ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাশিয়া-চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে: পুতিন

রাশিয়া-চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে: পুতিন
×

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: বিবিসি

বিবিসি

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৩:৩৭ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৪:০৭

চীনে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া-চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও রাশিয়া একে অপরের কৌশলগত শক্তি হিসেবে কাজ করবে। এছাড়া উভয় দেশ উচ্চতম পর্যায়ের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। বুধবার বেইজিংয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর তারা এ কথা বলেন।  

বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠকে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক পরিস্থিতি ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের আগে বেইজিংয়ে পুতিনকে স্বাগত জানান শি জিনপিং। 

রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বৈঠক শুরুর আগে বেইজিংয়ের ‘গ্রেট হল’–এর বাইরে দুই নেতা করমর্দন করেন। রুশ নেতাকে স্বাগত জানাতে গ্রেট হলের প্রবেশপথে লালগালিচা বিছানো হয়। 

বিবিসি জানায়, স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে গ্রেট হলে এই বৈঠক হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই বৈঠক শুরু হয়। সংক্ষিপ্ত এই বৈঠক প্রায় ১৫ মিনিট ধরে চলে।

বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, মেধাস্বত্ব এবং বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন খাতে ২০টিরও বেশি চুক্তি সই করা হয়। এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, অর্থনৈতিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও বিস্তারের লক্ষ্য নির্ধারণ করা হয়। একই সঙ্গে একটি যৌথ ঘোষণায় 'বহুমেরু বিশ্বব্যবস্থা' গঠনের পক্ষে অবস্থান নেয় দুই দেশ।

বৈঠক শেষে দুই নেতা কোনো সাংবাদিকের প্রশ্ন নেননি এবং সরাসরি স্থান ত্যাগ করেন। তবে উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, এই চুক্তি ও আলোচনা চীন-রাশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বৈশ্বিক রাজনীতিতে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।

চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার বেইজিং পৌঁছেন ভ্লাদিমির পুতিন। সেখানে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মতবিনিময় হওয়ার কথা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের কয়েকদিনের মাথায় পুতিন ও শির এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীন-রাশিয়ার সম্পর্ক যে এখনো অটুট তা তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য হতে পারে। 

ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন ও শি জিনপিং রাশিয়া-চীনের কৌশলগত অংশীদারত্বকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক গভীর হয়েছে। এরপর থেকে পুতিন নিয়মিত বেইজিং সফর করছেন।

আরও পড়ুন

×