তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা, ভারতে বিজেপির আদলে ‘ককরোচ জনতা পার্টি’
ককরোচ জনতা পার্টির লোগো। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া
আলজাজিরা
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৬:৩৪ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৭:০১
ভারতের প্রধান বিচারপতির করা এক মন্তব্যের প্রতিবাদে অনলাইননির্ভর একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আদলে নাম দেওয়া হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। মূলত তরুণ বেকারদেরকে তেলাপোকার সঙ্গে তুলনার প্রতিবাদে এমন আন্দোলনের যাত্রা শুরু হয়েছে।
গত শুক্রবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টের এক শুনানিতে বলেন, কিছু ‘পরজীবী’ বিদ্যমান ব্যবস্থাকে আক্রমণ করছে। এ সময় তিনি বেকার তরুণদেরকে তেলাপোকার সঙ্গে তুলনা করেন।
সূর্য কান্ত বলেন, ‘তেলাপোকার মতো এমন কিছু তরুণ আছে, যারা কোনো চাকরি পায় না কিংবা কোনো পেশায় তাদের জায়গা হয় না। তাদের কেউ কেউ গণমাধ্যমকর্মী সাজে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হয়, আবার কেউ তথ্য অধিকার (আরটিআই) কর্মী বা অন্য কোনো অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করে।’
প্রধান বিচারপতির এমন মন্তব্য সামাজিক মাধ্যমে অপ্রত্যাশিত এক মোড় নেয়। অভিজিত দিপকে (৩০) নামের এক তরুণ ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেন। এরপর থেকেই এর সঙ্গে প্রতিদিন হাজার হাজার ভারতীয় তরুণ যুক্ত হচ্ছেন।
শুক্রবার মন্তব্যের পরপরই প্রধান বিচারপতি সূর্য কান্ত তাঁর কথার একটি ব্যাখ্যা দেন। তিনি বলেন, জালিয়াতির মাধ্যমে ডিগ্রি নেওয়া কিছু মানুষকে উদ্দেশ্য করে তিনি ওই মন্তব্য করেছিলেন। ভারতের যুবসমাজকে লক্ষ্য করে কথাটি বলেননি।
কিন্তু ব্যাখ্যা সত্ত্বেও তেলাপোকার সঙ্গে তুলনা করার বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে জেনারেশন জেড বা জেনজিদের মধ্যে। নরেন্দ্র মোদির ১২ বছরের শাসনামলে এই তরুণরা সবচেয়ে বেশি বেকারত্ব, মূল্যস্ফীতি ও ধর্মীয় মেরুকরণের ভুক্তভোগী হচ্ছে।
সামাজিক মাধ্যমে এই ক্ষোভ যখন তীব্র হচ্ছিল, তখন গত শনিবার অভিজিত দিপকে তাঁর ‘এক্স’ অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। লিখেন, ‘সব তেলাপোকা যদি একজোট হয়ে যায়, তাহলে কেমন হবে?’
নিজের সেই ব্যঙ্গাত্মক পোস্ট এবং এর পেছনে লুকিয়ে থাকা চরম হতাশা ও ক্ষোভকে তিনি আরো এক ধাপ এগিয়ে নেন। মোদির দল ‘ভারতীয় জনতা পার্টি’ বা বিজেপির নামের সঙ্গে মিলিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম ও এক্সে অ্যাকাউন্ট খোলেন।
অভিজিত যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে স্নাতক করেছেন। বর্তমানে শিকাগোতে আছেন। মঙ্গলবার তিনি আলজাজিরাকে বলেন, যারা ক্ষমতায় আছেন, তারা সাধারণ নাগরিকদের তেলাপোকা আর পরজীবী মনে করেন। তাদের জানা উচিত, নোংরা ও পচা জায়গাতেই তেলাপোকার বংশবৃদ্ধি হয়। বর্তমানে ভারতের অবস্থাও ঠিক তেমন।
