চীনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
আইএসএনএ ও এএফপি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৭:২১
ইরান ঘিরে মার্কিন প্রেসিডেন্টের হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তাঁর যোগ দেওয়ার কথা।
পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে অধিবেশনটির আয়োজন করছে পরিষদের বর্তমান সভাপতি চীন। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অধিবেশনে যোগ দিতে চীন আমন্ত্রণ জানিয়েছে।
বাঘাই জানান, আগামী ২৬ মে নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ওই অধিবেশনের কথা আছে। তবে আব্বাস আরাঘচির যোগ দেওয়ার বিষয়টি এখনো ইরানের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় ইরানে নতুন সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন। বিপরীতে ইরানি কর্মকর্তারাও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন। একইসঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতাও সচল আছে।
- বিষয় :
- আব্বাস আরাগচি
- পররাষ্ট্রমন্ত্রী
- ইরান
- সফর
- যুক্তরাষ্ট্র
