কিউবা
চাপ বাড়াতে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৩:০১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার কমিউনিস্ট সরকারকে উৎখাত করতে চান। এমন জল্পনার মধ্যেই দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে রাউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ৯৪ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ১৯৯৬ সালের একটি প্রাণঘাতী ঘটনা সংশ্লিষ্ট। সে সময় কিউবার বিমান বাহিনী দুটি উড়োজাহাজে গুলি করে ভূপাতিত করেছিল। উড়োজাহাজ দুটির পাইলটরা কাস্ত্রো-বিরোধী ছিলেন।
১৯৯৬ সালের সে ঘটনায় চারজন প্রাণ হারান। হত্যার অভিযোগের পাশাপাশি, রাউলের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র ও উড়োজাহাজ ধ্বংস করার অভিযোগও আনা হয়েছে। রাউল কাস্ত্রো ছাড়াও পাঁচজন কিউবান নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে গুলি করে উড়োজাহাজ ভূপাতিত করা দুজন পাইলট আছেন।
রাউল বয়সের ভারে নুয়ে পড়লেও কিউবার রাজনীতিতে এখনো যথেষ্ট প্রভাবশালী। তিনি কমিউনিস্ট বিপ্লবের (১৯৫৯) মহানায়ক হিসেবে পরিচিত ফিদেল কাস্ত্রোর ছোট ভাই। ফিদেল যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক ছিলেন।
বুধবার মিয়ামিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, ‘আমরা আশা করি তিনি নিজের ইচ্ছায় কিংবা অন্য কোনো উপায়ে এখানে হাজির হয়ে কারাগারে যাবেন।’
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এক্সে লিখেছেন, এই অভিযোগগুলোর কোনো আইনি ভিত্তি নেই। কিউবার বিরুদ্ধে একটি সামরিক আগ্রাসনকে জায়েজ করতে অভিযোগ আনা হয়েছে।
- বিষয় :
- হত্যার অভিযোগ
- কিউবা
- যুক্তরাষ্ট্র
