ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পশ্চিমবঙ্গের ফলতা আসনে পুনঃভোট শুরু, লড়াইয়ে নেই তৃণমূল

পশ্চিমবঙ্গের ফলতা আসনে পুনঃভোট শুরু, লড়াইয়ে নেই তৃণমূল
×

ভোট দিয়ে ফিরছেন ফলতার এক গৃহবধূ। ছবি: সমকাল/শুভজিৎ পুততুন্ড

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৩:০১

বৃহস্পতিবার সকাল থেকে কড়া সুরক্ষাবলয়ের মধ্যে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচন শুরু হয়েছে। গত ২৯ এপ্রিল প্রথম দফার ভোটে বুথ জ্যাম ও ইভিএম বিকৃতির একগুচ্ছ অভিযোগ ওঠার পর, নির্বাচন কমিশন এই আসনের সব বুথেই নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়। 

বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হওয়া এই ভোটদান প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এই আসনে মোট ভোটার ২ লক্ষ ৩৬ হাজার ৪৪৪ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ২১ হাজার ৩০০ জন, নারী ১ লক্ষ ১৫ হাজার ১৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। 

তীব্র গরমের কথা মাথায় রেখে দুপুরের আগেই ভোট সেরে নিতে ভোর থেকেই গ্রামীণ ও শহরের বুথগুলোতে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। প্রবীণ নাগরিক থেকে শুরু করে তরুণ ভোটারদের মধ্যে দেখা গেছে অভূতপূর্ব উৎসাহ।

নির্বাচন ঘিরে এই আসনে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতি বুথের ভেতরে ও বাইরে কড়া প্রহরায় রয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় জওয়ান। এছাড়া ২৮৫টি বুথেই ওয়েব কাস্টিং এবং সিসিটিভি-র মাধ্যমে সরাসরি নজরদারি চালাচ্ছে কমিশন। 

যেকোনো পরিস্থিতি চোখের নিমেষে রুখে দিতে বুথের বাইরে চষে বেড়াচ্ছে ৩৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি)। সকাল থেকে বড় কোনো অশান্তি বা রিগিংয়ের খবর মেলেনি।

এই উপনির্বাচনের সবচেয়ে চমকপ্রদ দিক হলো বিদায়ী শাসকদল তৃণমূলের প্রার্থীর আকস্মিক সরে দাঁড়ানো। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় স্বীকার না করলেও ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়ে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছেন।

প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় ইভিএম-এ তাঁর নাম ও প্রতীক রয়ে গেছে ঠিকই, কিন্তু সকাল থেকে ফলতার কোনো বুথেই ঘাসফুল শিবিরের কোনো এজেন্টকে দেখা যায়নি।

ফলে এই বিধানসভা আসনে কার্যত মূল লড়াই সীমাবদ্ধ রয়েছে বিজেপির দেবাংশু পণ্ডা, সিপিএমের শম্ভুনাথ কুর্মি এবং কংগ্রেসের আব্দুর রজ্জাকের মধ্যে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ফলতার পুনর্নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ২০.৪৭ শতাংশ ভোট পড়েছে।
 

আরও পড়ুন

×