ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কিউবাকে নিরাপত্তা ঝুঁকি বলছে যুক্তরাষ্ট্র, মিথ্যাচারের অভিযোগ হাভানার

কিউবাকে নিরাপত্তা ঝুঁকি বলছে যুক্তরাষ্ট্র, মিথ্যাচারের অভিযোগ হাভানার
×

প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রো (বাঁ থেকে), সাবেক নেতা রাউল কাস্ত্রো ও কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের ছবি সংবলিত বিলবোর্ড। বৃহস্পতিবার হাভানায়। ছবি: এএফপি

বিবিসি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৪:২৩

কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির সঙ্গে শান্তিপূর্ণ চুক্তির সম্ভাবনা খুব বেশি নেই বলে তিনি মন্তব্য করেছেন।

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠনের একদিন পরই রুবিও এমন মন্তব্য করলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে বর্তমান কিউবান নেতৃত্বের চরিত্র বিবেচনায় সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।

রুবিও অভিযোগ করেন, ‘কিউবা এই অঞ্চলের সন্ত্রাসবাদের অন্যতম বড় মদদদাতা। আমরা এখন যাদের মোকাবিলা করছি, তাদের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুব বেশি নয়।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি রুবিওকে মিথ্যাবাদী হিসেবে অভিহিত করে বলেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না।

রদ্রিগেজ অভিযোগ করেন, রুবিও মূলত সামরিক আগ্রাসনের উসকানি দিচ্ছেন। যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে কিউবার ওপর আক্রমণ চালাচ্ছে। মার্কিন সরকার কিউবাকে ‘নিষ্ঠুর ও পদ্ধতিগতভাবে’ ক্ষতিগ্রস্ত করছে।

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে যে অভিযোগ গঠন করা হয়েছে, তাতে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত এবং মার্কিন নাগরিক হত্যার কথা উল্লেখ করা হয়েছে। রাউলকে কীভাবে বিচারের মুখোমুখি করা হবে- এমন প্রশ্ন করা হলে রুবিও কোনো কৌশল উল্লেখ করেননি।

রুবিও বলেন, ‘আমরা তাঁকে কীভাবে এখানে আনব সে বিষয়ে আমি আলোচনা করব না। যদি আমরা তাঁকে আনার চেষ্টা করি, তবে আমি কেন গণমাধ্যমের কাছে পরিকল্পনা ফাঁস করব?’

গত বুধবার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছিলেন, ওয়াশিংটন আশা করছে রাউল কাস্ত্রো নিজে থেকেই অথবা অন্য কোনো উপায়ে মার্কিন আদালতে হাজির হবেন।

আরও পড়ুন

×