ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এভারেস্ট জয় করে ফেরার পথে দুই ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

এভারেস্ট জয় করে ফেরার পথে দুই ভারতীয় পর্বতারোহীর মৃত্যু
×

মাউন্ট এভারেস্টের চূড়া। ছবি: পেম্বা দোর্জে শেরপা/এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৮:০০ | আপডেট: ২২ মে ২০২৬ | ১৮:০১

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নিচে নামার সময় দুই ভারতীয় পর্বতারোহী মারা গেছেন। নিহতরা হলেন- সন্দীপ আরে ও অরুণ তিওয়ারি। 

শুক্রবার নেপালের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা পিটিআই।

এক্সপিডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব নেপালের মহাসচিব ঋষি ভান্ডারি পিটিআইকে বলেছেন, সন্দীপ আরে নামের একজন পর্বতারোহী নামার সময় অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। শেরপা গাইডরা তার জীবন বাঁচাতে রাতের মধ্যেই তাকে বালকনি থেকে সাউথ কোলে নিয়ে আসেন। কিন্তু তাদের প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। 

তিনি জানান, গত সন্ধ্যায় প্রায় একই সময়ে অরুণ তিওয়ারি নামের আরেক পর্বতারোহী স্থানীয় সময় বিকেল আনুমানিক সাড়ে ৫টায় এভারেস্ট জয় করেন। নামার সময় হিলারি স্টেপে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েন। গাইডরা থাকে ফিরিয়ে আনতে সক্ষম হননি। 

খবরে বলা হয়েছে, নিচে নামার সময় হিলারি স্টেপের কাছে তিওয়ারি মারা যান। 

অন্যদিকে, সন্দীপ আরেকে শেরপা উদ্ধারকারীদের একটি দল নিচে নামিয়ে আনার পর তিনি ক্যাম্প টু-তে মারা যান। 

খুম্বু আইসফলে বিলম্বের কারণে পথ প্রস্তুত করা এবং মালপত্র পরিবহনে বিঘ্ন ঘটায় এ বছর পর্বতারোহণের মৌসুম দেরিতে শুরু হয়। তবে গত ১৩ মে দড়ি বাঁধার কাজ (রোপ-ফিক্সিং) সম্পন্ন হওয়ার মাধ্যমে মৌসুমের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

এরপর বুধবার নেপালের সাউথ বেস ক্যাম্প থেকে একদিনেই রেকর্ড সংখ্যক ২৭৪ জন পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন।

নেপাল কর্তৃপক্ষ এবার মাউন্ট এভারেস্টে ওঠার জন্য ৪৯৩টি অনুমতিপত্র জারি করেছে। ১৯৫৩ সালে তেনজিং নোরগে এবং স্যার এডমন্ড হিলারির প্রথমবারের মতো সফল এভারেস্ট জয়ের পর থেকে কোনো এক বছরে জারি করা পারমিটের এটিই সর্বোচ্চ সংখ্যা। 

সূত্র: এনডিটিভি। 

আরও পড়ুন

×