ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা
×

স্বাধীনতার দাবিতে ৩ লাখের বেশি স্বাক্ষর জমা পড়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৪:০২ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৪:৩৮

কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা দেশ থেকে আলাদা হওয়ার বিষয়ে একটি গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে ভোটগ্রহণ হতে পারে, যেখানে ভোটারদের মতামত নেওয়া হবে আলবার্টা ভবিষ্যতে স্বাধীনতার জন্য সাংবিধানিক প্রক্রিয়া শুরু করবে কি না।

প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, এটি সরাসরি কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার ভোট নয়। বরং জনগণকে জানতে চাওয়া হচ্ছে, ভবিষ্যতে আনুষ্ঠানিক স্বাধীনতা গণভোট আয়োজনের পক্ষে তারা কি না।

সাম্প্রতিক মাসগুলোতে আলবার্টায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন জোরালো হয়েছে। স্বাধীনতার দাবিতে ৩ লাখের বেশি স্বাক্ষর জমা পড়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা। তবে জনমত জরিপে দেখা গেছে, প্রদেশটির মাত্র এক-তৃতীয়াংশ মানুষ কানাডা থেকে আলাদা হওয়ার পক্ষে।

এদিকে আদালত সম্প্রতি একটি স্বাধীনতা গণভোটের আবেদন স্থগিত করেছে। আদালতের নির্দেশে বলা হয়েছে, এ ধরনের উদ্যোগের আগে আদিবাসী ফার্স্ট নেশনস সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।

অনেকে অভিযোগ করেছেন, আলবার্টা কানাডার অর্থনীতিতে বিপুল অবদান রাখলেও ফেডারেল সরকার এমন নীতি গ্রহণ করছে যা প্রদেশের প্রধান অর্থনৈতিক খাতকে দুর্বল করছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ কানাডার জাতীয় রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জের সময় এটি প্রধানমন্ত্রী মার্ক কার্নি' সরকারের জন্য বড় পরীক্ষায় পরিণত হতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেডারেল নির্বাচনের পর আলবার্টার বিচ্ছিন্নতা প্রশ্ন নতুন গতি পেয়েছে। প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ ফেডারেল সরকারের কাছে জ্বালানি নীতি, পাইপলাইন প্রবেশাধিকার, নির্গমন সীমা এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন নিয়ে কয়েকটি দাবি উত্থাপন করেছেন।

আরও পড়ুন

×