অবশেষে গ্রেপ্তার মডেল তিশার স্বামী
মডেল তিশা শর্মা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ২০:৫১ | আপডেট: ২৪ মে ২০২৬ | ২২:৫২
মডেল তিশা শর্মার স্বামী সমর্থ সিংকে অবশেষে গ্রেপ্তার করেছে ভারতের মধ্যপ্রদেশ পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিশার আইনজীবী জানিয়েছেন, সমর্থ সিং জবলপুর পুলিশের হেফাজতে আছেন, দুদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার তদন্ত চলছে ভোপালে।
পুলিশ বলছে, সমর্থের বিরুদ্ধে সাইবার অপরাধ, আর্থিক অনিয়ম এবং স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।
মডেল তিশা শর্মাকে গত ১২ মে স্বামীর বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি শুরুতে আত্মহত্যা হিসেবে ধরা হলেও, পরিবারের অভিযোগ ও নতুন তথ্য সামনে আসার পর এটি তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর আগে তিশা তার স্বামীর বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ তুলে সামাজিকমাধ্যমে পোস্ট দেন।
ভোপাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সমর্থ সিংকে ভোপালে আনার পর জিজ্ঞাসাবাদ করা হবে।
এই দম্পতির কলহ ও শেষ পর্যন্ত পুলিশের অভিযান সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। আদালতের পরবর্তী পদক্ষেপ ও পুলিশের তদন্তের দিকে এখন সবার নজর।
নয়ডার মেয়ে তিশা পড়াশোনা শেষে দিল্লিতে চাকরি, ব্যস্ত শহুরে জীবন ও নিজের মতো করে এগিয়ে চলার চেষ্টায় পরিচিত পথেই হাঁটছিলেন। মার্কেটিংয়ের পাশাপাশি সুন্দরী প্রতিযোগিতা ও চলচ্চিত্রের কাজে যুক্ত ছিলেন। ২০২৪ সালে একটি ডেটিং অ্যাপে তার পরিচয় হয় সমর্থ সিংয়ের সঙ্গে। সেই পরিচয় থেকে ধীরে ধীরে সম্পর্ক, আর ২০২৫ সালের ডিসেম্বরে হয় বিয়ে। বিয়ের পর তিশা চলে আসেন ভোপালে। নতুন জীবন, নতুন ঠিকানা, নতুন পরিচয়ের ভেতর দিয়ে শুরু হয় আরেকটা বাস্তবতা। মৃত্যুর কয়েক দিন আগে তিশা তার মানসিক অবস্থার পরিবর্তন এবং ভেতরের অস্থিরতা নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করেন।
বন্ধুদের এক গ্রুপে ৭ মে তিনি লিখেন, 'আমি এখন অনেক দুশ্চিন্তায় আছি। ঘরে বসে আছি। আমি জীবনে কিছু করতে চাই। বিয়ে মানেই নিজের পরিচয় শেষ হয়ে যাওয়া নয়, যেখানেই থাকি নিজেকে নিয়ে কাজ করা উচিত।'
তিশার এই কথাগুলো শুধু অভিযোগ ছিল না- বরং ছিল নিজের অবস্থান খুঁজে পাওয়ার চেষ্টা। একই সঙ্গে তিনি সতর্কও করেন, 'বিয়ের সময় তাড়াহুড়া করো না, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও।' আরেক কথোপকথনে তিনি বলেন, 'আমি ঠিক আছি, কিন্তু বাড়ির কথা খুব মনে পড়ছে।'
হোয়াটসঅ্যাপ চ্যাটে জানা যায়, তিশা তার মাকে জানিয়েছিলেন তিনি দাম্পত্য জীবনে 'আটকে আছেন' এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য বার বার মাকে অনুরোধও করেন। সূত্র: আউটলুক
