ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফিজিতে বন্দর বানাবে কোয়াড, চীনকে টেক্কা দিতে খনিজ নিয়ে চুক্তি

ফিজিতে বন্দর বানাবে কোয়াড, চীনকে টেক্কা দিতে খনিজ নিয়ে চুক্তি
×

যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া (বাঁ থেকে), ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার নয়াদিল্লিতে। ছবি: এএফপি

রয়টার্স

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৩:৩৯

ভারতসহ কোয়াডের বাকি সদস্য দেশের সঙ্গে যৌথভাবে একটি বন্দর নির্মাণের বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র। যেটি নির্মাণ হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে। একইসঙ্গে সদস্যরা জোটের কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার ভারতে অনুষ্ঠিত কোয়াডের তৃতীয় সম্মেলনে সদস্য দেশের প্রতিনিধিরা এসব বিষয়ে একমত হন। সম্মেলনে যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের এস জয়শঙ্কর, জাপানের তোশিমিতসু মোতেগি ও অস্ট্রেলিয়ার পেনি ওং অংশ নেন। 

কোয়াডের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের একটি চুক্তির দ্বারপ্রান্তে আছে। অপরদিকে চীন কূটনৈতিক বিরোধের জেরে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বন্ধ রেখেছে। 

সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে মার্কো রুবিও বলেন, ‘আমরা বন্দর অবকাঠামোর বিভিন্ন বিষয়ে অংশীদারত্ব তৈরি করতে যাচ্ছি। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে বন্দরের অপর্যাপ্ত সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে ফিজির সঙ্গে কাজ করার পরিকল্পনা হয়েছে।’

চার জাতির এই জোটটি গত বছরের শীর্ষ সম্মেলন আয়োজনে ব্যর্থ হওয়ার পর কিছুটা গতি হারিয়েছিল। মূলত মার্কিন শুল্ক নীতি ও অন্যান্য কিছু বিষয় নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সম্মেলন স্থগিত হয়। 

মার্কো রুবিও বলেন, ‘আমরা এখন সাফল্য ও বাস্তব অর্জনের পথ দেখাতে শুরু করেছি। এই অংশীদারত্বের প্রতি আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশলের অন্যতম মূল ভিত্তি। রুবিও আরও জানান, জোটটি ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা’ সংক্রান্ত একটি উদ্যোগ এবং গুরুত্বপূর্ণ খনিজের জন্য বিশেষ রূপরেখা চালু করতে সম্মত হয়েছে।

বিশেষ রূপরেখার আওতায় খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও পুনরায় ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে অর্থনৈতিক এবং বিনিয়োগে সমন্বয় ঘটানোর দিকনির্দেশনা পাওয়া যাবে। একইসঙ্গে এটি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে জানান রুবিও।

খনিজ সরবরাহ ব্যবস্থায় বড় অংশীদার হিসেবে পরিচিত চীন। কিন্তু কূটনৈতিক বিরোধের জেরে দেশটি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এই খনিজ মূলত উড়োজাহাজ শিল্প, প্রতিরক্ষা ও সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অপরিহার্য। চীনের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কোয়াডের যৌথ অংশীদারত্বের উদ্যোগ তাই বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে।

আরও পড়ুন

×