ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ
×

‘হোয়াইট লিকার’ নামের অত্যন্ত ক্ষয়কারী রাসায়নিক ভর্তি একটি ট্যাংক ফেটে বিস্ফোরণের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

বিবিসি

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১২:১২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহত হয়েছেন অন্তত নয়জন, যাদের মধ্যে আটজন কারখানার কর্মী এবং একজন দমকলকর্মী রয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে ওয়াশিংটনের লংভিউ শহরে অবস্থিত নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সিয়াটল থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই কারখানাটি কাগজ ও প্যাকেজিং পণ্য উৎপাদনের জন্য পরিচিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হোয়াইট লিকার’ নামের অত্যন্ত ক্ষয়কারী রাসায়নিক ভর্তি একটি ট্যাংক ফেটে বিস্ফোরণের সূত্রপাত হয়। কাগজ তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত এই রাসায়নিকের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম সালফাইড থাকে।

লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত ট্যাংকটি এখনো অস্থিতিশীল অবস্থায় রয়েছে, ফলে উদ্ধার কার্যক্রম জটিল হয়ে পড়েছে। জরুরি সেবা কর্মীরা ট্যাংকটি স্থিতিশীল করার চেষ্টা করছেন, যাতে নিরাপদভাবে উদ্ধার অভিযান চালানো যায়। প্রথমে ধারণা করা হয়েছিল ট্যাংকটিতে প্রায় ৮০ হাজার গ্যালন রাসায়নিক ছিল। পরে জানা যায়, সেখানে প্রায় ৯ লাখ গ্যালন রাসায়নিক সংরক্ষিত ছিল। এর মধ্যে প্রায় ৯০ হাজার গ্যালন এখনো ক্ষতিগ্রস্ত ট্যাংকের ভেতরে থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় আশপাশের জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই। তবে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান থাকায় এলাকাটি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই মাসেও একই কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় কারখানার কাঠের স্তূপে কয়েক দিন ধরে আগুন জ্বলেছিল।

কারখানাটিতে টিস্যু, প্রিন্টার পেপার, কাপ, প্লেট ও বিভিন্ন প্যাকেজিং সামগ্রী তৈরি করা হয়। সেখানে প্রায় এক হাজার কর্মী কাজ করেন বলে জানিয়েছে ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব ইকোলজি।
 

আরও পড়ুন

×