ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কলকাতা

রেড রোড ছেড়ে এবার ব্রিগেড মাঠে ঈদের প্রধান জামাত 

রেড রোড ছেড়ে এবার ব্রিগেড মাঠে ঈদের প্রধান জামাত 
×

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ০০:৪৯ | আপডেট: ২৮ মে ২০২৬ | ০০:৫৩

ঐতিহ্যবাহী রেড রোডের বদলে এবার কলকাতায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ঈদকে সামনে রেখে বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ব্রিগেড মাঠ প্রস্তুতির কাজ শেষ করা হয়েছে। 

নামাজের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ইমামতি মঞ্চ। গোটা মাঠজুড়ে বসানো হয়েছে শতাধিক লাউড স্পিকার, যাতে দূরের মুসল্লিরাও সহজে খুতবা ও নামাজে অংশ নিতে পারেন। পাশাপাশি মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।

ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করছে কলকাতা পুলিশ এবং খিলাফত কমিটি। খিলাফত কমিটির দায়িত্বপ্রাপ্ত ইশতেক আহমেদ জানান, রেড রোড মুসলিম সম্প্রদায়ের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। ১৯২০ সাল থেকেই খিলাফত কমিটি কলকাতায় ঈদের নামাজের আয়োজন করে আসছে। পরে ১৯৭৮ সাল থেকে নিয়মিতভাবে রেড রোডে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হতে শুরু করে এবং ২০২৫ সাল পর্যন্ত সেই ধারা বজায় ছিল। তবে এবার নতুন সরকারের আমলে সেই আয়োজন স্থানান্তরিত হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

মাঠজুড়ে বসানো হয়েছে শতাধিক লাউড স্পিকার

নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন বহু মুসল্লি। তাদের বক্তব্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডও কলকাতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। বহু রাজনৈতিক ও সামাজিক ঘটনার সাক্ষী এই মাঠে এবার অনুষ্ঠিত হতে চলেছে ঈদুল আজহার প্রধান জামাত, যা এবারের ঈদকে আরও বিশেষ তাৎপর্য এনে দিয়েছে।

প্রসঙ্গত, কলকাতার রেড রোডের ঈদের জামাত দেশের অন্যতম বৃহৎ জামাত হিসেবে পরিচিত। প্রতি বছর সহস্রাধিক মুসল্লির উপস্থিতিতে সেখানে নামাজ অনুষ্ঠিত হয়। এবার সেই ঐতিহ্যের নতুন ঠিকানা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। 

আরও পড়ুন

×