কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র, মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
মার্কিন একটি রণতরী থেকে উড্ডয়ন করে যুদ্ধবিমান। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৩:৩৬
কুয়েতের সেনাবাহিনী বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে। তবে এগুলো কোথায় থেকে নিক্ষেপ করা হয়েছে তা নিশ্চিত করেনি। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত হানার বিষয়ে ইরানের এক দাবির পর কুয়েত হামলার কথা জানাল।
এর আগে বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে বিমান হামলা চালায়। জবাবে তেহরান পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপরই কুয়েত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায়।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কুয়েতি সেনাবাহিনী লিখেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আকাশসীমায় ধেয়ে আসা শত্রুতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা এবং তা ধ্বংস করতে সক্রিয়ভাবে কাজ করছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণাঞ্চলে বিমান হামলার জবাবে বৃহস্পতিবার একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মার্কিন সামরিক বাহিনী বন্দর আব্বাস বিমানবন্দরের কাছের একটি স্থাপনায় হামলা চালায়। মার্কিন সামরিক বিমান যে ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল, সেখানে পাল্টা আঘাত হানা হয়েছে। তবে মার্কিন ঘাঁটিটির অবস্থান বা নাম প্রকাশ করা হয়নি।
