কোরবানি থেকে রক্ষা
বিশ্ব গণমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি নিয়ে আলোচনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৭:৩৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারায় অদ্ভুত মিলের কারণে বিশ্বজুড়ে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে শেষ পর্যন্ত কোরবানি থেকে রেহাই পায় অ্যালবিনো জাতের এই মহিষটি। পরে বিরল প্রজাতির এই গোলাপি মহিষটির নতুন ঠিকানা হয় ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা।
যেভাবে কোরবানি থেকে রেহাই পেল মহিষটি
নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা চার বছর বয়সী এবং প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি কোরবানির উদ্দেশ্যে ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। প্রতি কেজি ৫৫০ টাকা হিসেবে মহিষটির দাম চূড়ান্ত হয়।
তবে মহিষটিকে ঘিরে ব্যাপক আগ্রহ এবং নিরাপত্তাজনিত কারণে কোরবানির আগমুহূর্তে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না বলে সিদ্ধান্ত হয়। বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। সেখান থেকে রাতে মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় উদ্দেশে পাঠানো হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমে ফের আলোচনা
কালো মহিষের দেশে বিরল জিনগত বৈশিষ্ট্য বা অ্যালবিনিজমের কারণে এই মহিষটির গায়ের রং হয়েছে গোলাপি এবং কপালে ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালি চুল রয়েছে। এই অনন্য রূপের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে এর আগে আলোচনার জন্ম দেয় মহিষটি। তবে ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি না হওয়ায় আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে খবরের শিরোনাম হয়।
বিট্রিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না
দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, ট্রাম্পের সঙ্গে মিলের কারণে ভাইরাল মহিষটিকে বাঁচানো হলো কোরবানি থেকে
মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ পদের সঙ্গে মিল রেখে রসিকতা করে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে আখ্যা দিয়েছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি। তারা নতুন প্রতিবেদনে লিখেছে, ‘ট্রাম্প’ মহিষকে কোরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হলো
ফরাসি গণমাধ্যম ফ্রান্স ২৪- শিরোনাম করেছে, ভাইরাল তারকাখ্যাতি বাংলাদেশে ‘ট্রাম্প’ মহিষকে কোরবানির হাত থেকে বাঁচাল
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে হস্তক্ষেপ করলেন কর্মকর্তারা
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের শিরোনামে বলা হয়েছে, ঈদের কোরবানি থেকে ধবল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে রেহাই দিল বাংলাদেশ
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের শিরোনাম, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেয়েছে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে ঈদের কোরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় স্থানান্তর
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের শিরোনাম, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে এগিয়ে এলেন বাংলাদেশের কর্মকর্তারা
এছাড়া ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, পাকিস্তানের ডন, ভারতের টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডেসহ বিশ্বের প্রায় সবগুলো সুপরিচিত সংবাদমাধ্যম এই গোলাপি অ্যালবিনো মহিষটির খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- মহিষ
- গণমাধ্যম
- আলোচনা
