কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের
একটি সামরিক প্রদর্শনীতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৭:৫১
কুয়েত দাবি করেছে, বৃহস্পতিবার তাদের ভূখণ্ডে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য ইরান দায়ী। এ ঘটনার নিন্দা জানিয়ে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যে এমন হামলা বিপজ্জনক উসকানি।
বৃহস্পতিবার সকালে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করে। তখন হামলাকারীর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও বলেছে, কুয়েতের ভূখণ্ডে ইরানই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এটি যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এক্সে দেওয়া পোস্টে সেন্টকম লিখেছে, হরমুজ প্রণালির কাছে ড্রোন হামলার পরই ইরান কুয়েতে হামলা করেছে।
কুয়েতের এমন দাবির আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছিল, তারা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ঘাঁটির অবস্থান উল্লেখ করেনি। এক বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ হিসেবে আইআরজিসি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে।
বন্দর আব্বাসে এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় দফায় বিমান হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী। যা গত এপ্রিলে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও অনিশ্চয়তা ফেলেছে। যুদ্ধের আনুষ্ঠানিক অবসান নিয়ে যখন একটি প্রাথমিক চুক্তির তৎপরতা চলছে, তখনই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হলো।
- বিষয় :
- কুয়েত
- ক্ষেপণাস্ত্র হামলা
- ইরান
- যুক্তরাষ্ট্র
