ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কেশম দ্বীপ, বিমান ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার দাবি যুক্তরাষ্ট্র-ইরানের

কেশম দ্বীপ, বিমান ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার দাবি যুক্তরাষ্ট্র-ইরানের
×

মার্কিন রণতরীতে অবতরণ করছে একটি যুদ্ধবিমান। গত ২৫ মে। ছবি: এএফপি

আলজাজিরা

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১২:৩৯

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সোমবার দাবি করা হয়েছে, তারা ইরানের একটি শহর ও দ্বীপে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, হামলাগুলো গোরুক শহরের রাডার স্টেশন ও কেশম দ্বীপের ড্রোন ঘাঁটিতে চালানো হয়। এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ১’ ড্রোন ভূপাতিত করাসহ ইরানের সাম্প্রতিক কিছু আক্রমণাত্মক কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি সুইসাইড ড্রোন ধ্বংস করা হয়েছে। এই সামরিক সরঞ্জামগুলো বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে স্পষ্ট হুমকি ছিল।

এদিকে ইরানও দাবি করেছে, তারা একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া হয়েছে। 

আইআরজিসির বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সিরিক দ্বীপে হামলার জন্য মার্কিন বিমান যেখান থেকে উড্ডয়ন করেছিল সেই ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। বার্তা সংস্থাটি লিখেছে, ‘এক ঘণ্টা আগে সিরিক দ্বীপের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনী আগ্রাসন চালায়। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের যুদ্ধবিমানগুলো ওই হামলার উৎপত্তিস্থল (বিমানঘাঁটি) লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে।’ 

তবে আইআরজিসি কোন মার্কিন ঘাঁটিতে হামলা করেছে তা প্রতিবেদনে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। ফার্স নিউজের প্রতিবেদনের আগে জানা গিয়েছিল, কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পর দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে।

আরও পড়ুন

×