মেটার এআই চ্যাটবটকে ফাঁকি
বারাক ওবামার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুপ্রবেশ
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৫:১২
মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাপোর্ট চ্যাটবটকে ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউস অ্যাকাউন্টসহ বেশ কিছু নামি ইনস্টাগ্রাম প্রোফাইলে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। গবেষকদের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর মেটা জানিয়েছে, সমস্যাটি সমাধান করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো সুরক্ষিত করার কাজ চলছে। এ ঘটনার ফলে অ্যাকাউন্ট সুরক্ষায় এআইয়ের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল বারাক ওবামার হোয়াইট হাউস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সৌন্দর্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান সেফোরা এবং যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের চিফ মাস্টার সার্জেন্ট জন বেনটিভেনিয়ার অ্যাকাউন্টসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট। একই ধরনের অ্যাকাউন্ট দখলের অভিযোগ গত সপ্তাহে রেডিট ও এক্সেও (সাবেক টুইটার) করেছেন অনেক সাধারণ ব্যবহারকারী।
নিরাপত্তা গবেষক ও বিভিন্ন হ্যাকিং গ্রুপ টেলিগ্রামে এমন ভিডিও ও স্ক্রিনশট প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে কীভাবে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে অন্যের অ্যাকাউন্ট দখল করা সম্ভব। এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন হ্যাকার মেটার এআই সহকারীকে একটি লক্ষ্যবস্তু অ্যাকাউন্টের সঙ্গে নতুন একটি ইমেইল ঠিকানা যুক্ত করতে নির্দেশ দিচ্ছে। এরপর চ্যাটবটটি জানায়, নতুন ইমেইলে একটি যাচাইকরণ কোড পাঠানো হয়েছে এবং সেই কোড চ্যাটে দেওয়ার অনুরোধ করে। কোডটি সঠিকভাবে দেওয়ার পর হ্যাকারকে অ্যাকাউন্টটির পাসওয়ার্ড রিসেট করার সুযোগ দেওয়া হয়।
ভিডিওতে আরও দেখা যায়, হ্যাকার ভুক্তভোগীর অবস্থান অনুকরণ করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করেছে, যাতে মেটার নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যাওয়া যায়।
গত সোমবার এক বিবৃতিতে মেটা জানায়, তারা সমস্যাটি সমাধান করেছে এবং ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত করছে। তবে ঠিক কত অ্যাকাউন্ট এ ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।
মেটা চলতি বছরের শুরুতে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী এআইভিত্তিক সহকারী (সাপোর্ট) চালু করে। সে সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, এটি ব্যবহারকারীদের বিভিন্ন অনুরোধ সরাসরি ফেসবুক এবং ভবিষ্যতে ইনস্টাগ্রামের মধ্যেই সম্পন্ন করতে সাহায্য করবে।
- বিষয় :
- মেটা
- এআই
- বারাক ওবামা
- ইনস্টাগ্রাম
